২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিমন্স-ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের জয়

লেন্ডল সিমন্সের ৬টি ছক্কা সমৃদ্ধ ৪৯ বলে অপরাজিত ৬৩ রানের সুবাদে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Mar 2013, 12:08 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি রোববার।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩০ রান করে জিম্বাবুয়ে।

টিনো বেস্টের তোপে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অতিথিদের লড়াই করার স্বপ্ন দেখাচ্ছিলেন ম্যালকম ওয়ালার (৪৯) ও ক্রেইগ আর্ভিন (৩৪)। কিন্তু দুজনের ৬০ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পর বড় সংগ্রহ গড়তে পারেনি তারা।

১৮ রানে ৩ উইকেট নেন বেস্ট।

জবাব দিতে নেমে জনসন চার্লসের (১৪ বলে ২৬) সঙ্গে চার ওভারের মধ্যে ৩০ রানের উদ্বোধনী জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ঝড়ো সূচনা এনে দেন সিমন্স। ক্রিস এমপোফু পর-পর দুই ওভারে চার্লস ও ড্যারেন ব্রাভোকে (০) ফিরিয়ে আশা জাগিয়েছিলেন জিম্বাবুইয়ানদের মনে।

কিন্তু ড্যারেনের বড় ভাই ডোয়াইন ব্রাভোর (অপরাজিত ৩৮) সঙ্গে সিমন্সের ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি অতিথিদের আশাভঙ্গ করে ২৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় ক্যারিবীয়দের।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩০/৮ (সিবান্দা ১৩, মাসাকাদজা ৯, টেইলর ০, আর্ভিন ৩৪, ওয়ালার ৪৯, চিভাভা ৮, মুতোমবোদজি ২, উৎসেইয়া ২, মুশাংউই ৫*, জার্ভিস ০*; বেস্ট ৩/১৮, ডোয়াইন ব্রাভো ২/১৬, নারাইন ২/১৭, বদ্রি ১/২৭)

ওয়েস্ট ইন্ডিজ: ১৬.১ ওভারে ১৩১/২ (চার্লস ২৬, সিমন্স ৬৩*, ড্যারেন ব্রাভো ০, ডোয়াইন ব্রাভো ৩৮*; এমপোফু ২/৩৪)

ম্যাচ সেরা: লেন্ডল সিমন্স