২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের ‘জিগীষা’র কাছে ১৭৫ রানও তুচ্ছ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংসটার কথা কিছুতেই ভোলা সম্ভব নয়। তবে ভারতের জয়ের জন্য ঐ ইনিংস খুশি মনে ছেড়ে দিতে রাজি ছিলেন শচীন টেন্ডুলকার।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

যদিও সেটাকে নিজের অন্যতম সেরা ওয়ানডে ইনিংস হিসাবে রায় দিতে দ্বিধা করছেন না তিনি।

২০০৯ সালের ৫ নভেম্বর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভীষণ চাপে পড়ে যাওয়া ভারতের জয়ের আশা বেঁচেছিল টেন্ডুলকারের অসাধারণ ইনিংসটার সৌজন্যে।

তবে এই জীবন্ত-কিংবদন্তি ১৪১ বলে ৪টি ছক্কা ও ১৯টি চারে ১৭৫ রান করলেও শেষ ওভারে অলআউট হয়ে ভারত হেরে যায় ৩ রানে। ঐ ম্যাচেই প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন টেন্ডুলকার।

এ প্রসঙ্গে একটি ওয়েবসাইটে তিনি লেখেন, “সেটা ছিল নিঃসন্দেহে আমার অন্যতম সেরা ইনিংস। তবে জয়ের জন্য খুশি মনে ঐ ১৭৫ রান ছেড়ে দিতে পারতাম।”

“সেটা ছিল সেসব দিনের একটি, যেদিন কোনো কিছুই নিয়ন্ত্রনের বাইরে ছিল বলে মনে হচ্ছিল না আমার কাছে। ভালো ভাবে নিজের স্ট্রোকগুলো খেলতে পারছিলাম। আমাদের মিডল অর্ডার ব্যর্থ হলেও সুরেশ (রায়না) সপ্রতিভভাবে ব্যাট করছিল। আমরা ১৩৭ রানের ভালো একটা জুটিও গড়েছিলাম। কিন্তু ৪৩তম ওভারে দলীয় ২৯৯ রানে সুরেশ কট বিহাইন্ড হয়ে যায়,” যোগ করেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান।

টেন্ডুলকার আরো লেখেন, “এরপরই হরভজন সিং বিদায় নিলে স্কোর দাঁড়ায় ৩০০/৬। তবে তখনো আমার বিশ্বাস ছিল খেলা আমাদেরই নিয়ন্ত্রনে আছে। তখন কয়েকটি প্রশ্ন শুধু উঁকি দিচ্ছিল। তা হলো উইকেটের মাঝে আমাদের রানিং ভালো হবে কিনা। আর বাজে বলগুলো আমরা কাজে লাগাতে পারবো কিনা।”

“জয় থেকে মাত্র ১৯ রান দূরে থাকার সময় আমি (ক্লিন্ট) ম্যাকেকে শর্ট ফাইন লেগের ওপর দিয়ে উড়িযে মারার চেষ্টা করেছিলাম। কিন্তু (নাথান) হরিজের হাতে ধরা পড়ে যাই। সেটা ছিল ভীষণ হতাশাজনক ঘটনা। এরপর লোয়ার অর্ডার অনেক চেষ্টা করেছিল। কিন্তু ক্রমাগত উইকেট পড়তে থাকে আর আমরা ৩ রানে হেরে যাই,” যোগ করেন তিনি।

১৯৯৮ সালে শারজায় অস্ট্রেলিয়ার বিপক্ষেই টানা দুটো চমৎকার শতক এসেছিল তার ব্যাট থেকে। ঐ দুটো শতকের সঙ্গে হায়দরাবাদের ইনিংসটির তুলনা প্রসঙ্গে টেন্ডুলকার লেখেন, “বেশ কয়েক বারই এই ইনিংসটার সঙ্গে ১৯৯৮ সালে শারজায় একই দলের বিপক্ষে করা টানা দুটো শতকের তুলনার কথা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তবে আমি মনে করি না এ ধরনের তুলনা করা সম্ভব। শারজায় ত্রিদেশীয় সিরিজের শেষ ভাগে প্রত্যাশা অনেক বেশি ছিল।”

“অন্যদিকে হায়দরাবাদের শতকটি ছিল একটি দ্বি-পাক্ষিক সিরিজের মাঝামাঝি সময়ে। আর তাই প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। শারীরিক, এমনকি মানসিক পরিস্থিতিও ছিল একেবারেই আলাদা,” যোগ করেন তিনি।