সাকিবের পায়ে সফল অস্ত্রোপচার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সাকিব আল হাসানের অস্ত্রোপচার হয়েছে।
অস্ত্রোপচারের পর সাকিবের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ডান পায়ের কাফ মাসলে সাকিবের অস্ত্রোপচার হয়েছে। নির্ধারিত সময়ের কিছু পরে অস্ত্রোপচার হয়। এতে সব মিলিয়ে সময় লেগেছে প্রায় ৩০ মিনিট। আজই বাসায় ফিরতে পারবেন তিনি।”
“চিকিৎসক সাকিবকে জানিয়েছেন, অস্ত্রোপচারে তিনি সন্তুষ্ট। সাত দিন পর তিনি আবার দেখবেন। এরপর সাকিবের পুনর্বাসনের জন্য পরামর্শ দেবেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৬ মার্চ দেশে ফিরবেন তিনি,” যোগ করেন ডা. দেবাশীষ।
সাকিবের সুস্থ হয়ে উঠতে ছয় সপ্তাহ সময় লাগবে জানিয়ে ডা. দেবাশীষ বলেন, “এই ধরনের চোট থেকে সেরে উঠতে ছয় সপ্তাহের বেশি সময় লাগে না। আশা করি, জিম্বাবুয়ে সফরের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন “
চোটের কারণে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে রাখা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারকে। এর আগে চোটের কারণে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও খেলা হয় নি তার।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্কট বার্নের পরামর্শ নিতে গত বুধবার রাতে দেশ ছাড়েন সাকিব। শুক্রবার সিডনিতে পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট দেখে ডা. বার্ন অস্ত্রোপচারের পরামর্শ দেন।
