২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চিত মার্শাল

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের বলেন, “নাঈম ভাইয়ের চোট দুর্ভাগ্যজনক। চেষ্টা করবো তার ঘাটতি পূরণের। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার হিসেবেই দলে এসেছি। চেষ্টা করবো ধারাবাহিকতা ধরে রাখার।”

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 10:47 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছে মার্শালের। চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগে ১১ ম্যাচে ৬০৪ ও বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল-বড় দৈর্ঘ্য) ৪ ম্যাচে ৪৬৫ রান করে দুই প্রতিযোগিতারই সেরা রান সংগ্রাহক তিনি। দুই প্রতিযোগিতায় একটি করে দ্বিশতকসহ চারটি শতক করেন তিনি। “জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না। এর জন্য অনেক দিন ধরে পরিশ্রম করতে হয়েছে। সোমবার আকরাম ভাই ফোন করে জানান, আমি শ্রীলঙ্কা যাচ্ছি। তখন থেকেই আজকের দিনটির জন্য রোমাঞ্চিত ছিলাম,” যোগ করেন তিনি। অনুর্ধ্ব-১৩, ১৫, ১৭, ১৯, হাই পরফরম্যান্স দল, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও বাংলাদেশ ‘এ’ দল হয়ে জাতীয় দলে এলেন মার্শাল। পরিবারের সবাই ভীষণ উচ্ছ্বসিত জানিয়ে তিনি বলেন, “বাসার সবাই আশা করেছিল ডাক পাবো, কিন্তু এভাবে হবে কেউ ভাবে নি।” ঘরোয়া ক্রিকেটে যেভাবে শুরু করেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও সেভাবেই খেলতে চান মার্শাল বলেন, “শ্রীলঙ্কায় রঙ্গনা হেরাথ, নুয়ান কুলাসেকারার মতো বোলার রয়েছে। তাদের বিপক্ষে রান পাওয়া সহজ হবে না। শ্রীলঙ্কায় সাফল্য পেতে হলে আমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে।”

শ্রীলঙ্কার স্পিনারদের ভালোভাবে সামলানোর আত্মবিশ্বাস আছে জানিয়ে তিনি বলেন, “পেসের চেয়ে স্পিনই ভালো খেলি। বাংলাদেশে দুজন করে পেসার খেলে বলে টপ অর্ডারের ব্যাটসম্যান ছাড়া অন্যরা সেভাবে পেসারের বিপক্ষে খেলার সুযোগ পায় না। মিডল অর্ডারের ব্যাটসম্যানদের স্পিনের বিপক্ষেই বেশি খেলতে হয়।”