২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মার্শালের জায়গা না পাওয়া দুর্ভাগ্যজনক’

মৌসুমে দুটি দ্বি-শতকসহ এক হাজারের বেশি রান করার পরও মিডল অর্ডার ব্যাটসম্যান মার্শাল আইয়ুবের টেস্ট দলে জায়গা না পাওয়াকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন প্রধান নির্বাচক আকরাম খান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 11:31 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দল ঘোষণার আগে মার্শালের সঙ্গে আমি ফোনে কথা বলেছি। কোন পরিস্থিতিতে তকে দলে নেয়া যায় তার ব্যাখ্যাও দিয়েছি। জাতীয় দলের দরজা তার জন্য উন্মুক্ত, তার বাদ পড়াটা খুব দুর্ভাগ্যজনক।”

আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুজন ক্রিকেটারকে দলে নিতে হয়েছে জানিয়ে প্রধান নির্বাচক বলেন, “তিন বছরের বেশি সময় পরে দলে ফিরেছেন এনামুল হক জুনিয়র। তিনি একজন অভিজ্ঞ বোলার এবং দারুণ ছন্দে আছেন। এছাড়া মোশাররফ হোসেন ও সাকলায়েন সজীবও আমাদের বিবেচনায় ছিলেন।”

“মমিনুল হক ও মার্শালের মধ্যে একজনকে বেছে নিতে কোচ ও অধিনায়কের সঙ্গে আমাদের ত্রিশ মিনিটের বেশি সময় ধরে আলোচনা করতে হয়েছে। অ্যাকাডেমির হয়ে মমিনুল অনেক রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে রান করেছেন। মিডল অর্ডারে একজন বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন, এটাও বিবেচনায় ছিল,” যোগ করেন তিনি।

চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগে ১১ ম্যাচে ৬০৪ ও বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল-বড় দৈর্ঘ্য) ৫ ম্যাচে ৪৬০ রান করে দুই প্রতিযোগিতারই সেরা রান সংগ্রাহক মার্শাল।

পেসার ফর্ম নিয়ে উদ্বেগ রয়েছে জানিয়ে তিনি বলেন, “চোটের কারণে জাতীয় লিগে সেভাবে পেসাররা খেলেন নি। চোট প্রবণ বলে চার পেসার নিতে হয়েছে, ম্যাচে হয়ত দুজন খেলবেন।”

“রবিউল (ইসলাম) বিপিএলে খেলেনি। অ্যাকাডেমিতে থেকে একমাস ধরে অনুশীলন করেছে। ও বেশ ভালো করেছে বলে কোচ জানিয়েছেন।” রবিউলকে ফেরানোর ব্যাখ্যায় বলেন তিনি।

দলীয় কম্বিনেশনের জন্যই দুজনের বেশি বিশেষজ্ঞ স্পিনার নেয়া যায়নি বলে জানিয়ে আকরাম বলেন, “সীমিত ওভারের সিরিজের দল ঘোষণার জন্য প্রয়োজন হলে প্রাথমিক দলের বাইরে থেকে কাউকে পাঠাতে পারি আমরা।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।