২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ জোনের চাই ১২২ রান, সেন্ট্রাল জোনের ৫ উইকেট

সানজামুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) ফাইনালের তৃতীয় দিন শেষে আশা বাঁচিয়ে রেখেছে বিসিবি নর্থ জোন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 09:20 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১২৯ রান করেছে নর্থ জোন। জহুরুল ইসলাম ৩৯ ও সানজামুল ইসলাম ৩৪ রানে ব্যাট করছেন। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়েছেন তারা।

৩৬ রানেই প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে শুরুতেই চাপে পড়ে যায় নর্থ জোন। ৭১ রানে নাসির হোসেনের বিদায় দলের বিপদ আরো বাড়ায়। এরপরই প্রতিরোধ গড়ে তুলেন জহুরুল-সানজামুল।

ব্যক্তিগত ২৯ রানে শুভাগত হোম চৌধুরীকে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান জহুরুল ইসলাম।

জয়ের জন্য আরো ১২২ রান চাই নর্থ জোনের। এ জন্য পুরো দুটি দিন পাচ্ছে তারা। অন্যদিকে সেন্ট্রাল জোনের চাই ৫ উইকেট।

নর্থ জোনের স্বপ্ন বাঁচিয়ে রাখা সানজামুলই সেন্ট্রাল জোনের ‘মূল হন্তারক’। ৭৩ রানে ৮ উইকেট নিয়ে সেন্ট্রাল জোনকে বেধে রাখেন ২৪৭ রানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে এটিই তার সেরা বোলিং। ম্যাচেও এই প্রথম দশ উইকেট নিলেন তিনি। প্রথম ইনিংসে ৭১ রানে নেন ৩ উইকেট।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ৫৯ রান নিয়ে খেলা শুরু করে সেন্ট্রাল জোন।

প্রথম ইনিংসে শতক করা রকিবুল হাসানের ৬৮ রানের পরও ১৪৪ রানে ৭ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় সেন্ট্রাল জোন। রকিবুলের ১০৬ বলের ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা।

মেহরাব হোসেন জুনিয়র ও শুভাগত রানের খাতাই খোলতে পারেন নি। ৫ রান করেই সাজঘরে ফেরেন মার্শাল আইয়ুব।

অষ্টম উইকেটে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে নুরুল হাসানের ৭৪ রানের জুটির সৌজন্যে দুশ পেরুয় সেন্ট্রাল জোন। দলীয় ২১৮ রানে আশরাফুলের বিদায়ের পর দলকে আড়াইশর কাছাকাছি নিয়ে যান নুরুল ও শাহাদাত হোসেন।

৮৮ বলে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৫ রান করে নুরুল বিদায় নিলেও ১৯ রানে অপরাজিত থাকেন শাহাদাত।

প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন ২৭৭ ও নর্থ জোন ২৭৪ রান করে।

সেন্ট্রাল জোন: ২৭৭ ও ২৪৭ (শামসুর ২৪, সানি ১, রকিবুল ৬৮, মোশাররফ ১১ মার্শাল ৫, আশরাফুল ৪১, মেহরাব ০, শুভাগত ০, নুরুল ৫৫, শাহাদাত ১৯*, তাসকিন ৪; সানজামুল ৮/৭৩, ফরহাদ রেজা ২/৩৯)

নর্থ জোন: ২৭৪ ও ১২৯/৫ (মাইশুকুর ১৩, ফরহাদ হোসেন ৫, সাব্বির ১২, নাঈম ৫, নাসির ১৯, জহুরুল ৩৯*, সানজামুল ৩৪*; মোশাররফ ২/৪৭, সানি ১/৯, তাসকিন ১/১৭, শাহাদাত ১/৩১)