ধোনি-কোহলির দৃঢ়তায় ভারতের স্বস্তি
১৯ রানের জন্য শতকের দেখা পাননি শচীন টেন্ডুলকার। তবে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দ্বি-শতক এবং বিরাট কোহলির শতকে সেই দুঃখ ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বড় লিড নেয়ার পথে ভারত। চেন্নাইয়ে রোববার ৮ উইকেটে ৫১৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা স্বাগতিকরা এগিয়ে আছে ১৩৫ রানে।
চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টেন্ডুলকারের অনেক সাফল্য। চেন্নাইয়ের মাঠটিতে এর আগে ৯ টেস্টে ৫টি শতকসহ ৮৭৬ রান করেছিলেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান।
দ্বিতীয় দিন শেষে ৭১ রানে অপরাজিত থেকে এবারো শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৮১ রানে নাথান লিয়নের মারাত্মক টার্ন করা এক অফব্রেকে বোল্ড হয়ে ফিরতে হয় আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি শতক করা টেন্ডুলকারকে। তার ১৫৯ বলের ইনিংসে ৭টি চার।
তবে টেন্ডুলকার ফিরে গেলেও কোহলি আর ধোনির দৃঢ়তায় ভারতকে সমস্যায় পড়তে হয়নি। পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন দুজনে।
লিয়নই ভাঙ্গেন জুটিটা, কোহলিকে মিড-অনে মিচেল স্টার্কের দারুণ এক ক্যাচে পরিণত করে। ২০৬ বলে খেলা ১০৭ রানের ইনিংসটিতে ১৫টি চার, একটি ছক্কা।
তবে ধোনিকে অনেক চেষ্টা করেও ফেরাতে পারেননি অতিথি দলের বোলাররা। ২৪৩ বলে অপরাজিত ২০৬ রানের অধিনায়কোচিত ইনিংসটিতে চার ২২টি, আর ছক্কা ৫টি।
অধিনায়কের জন্যই লিডটা আরো বড় করে জয়ের স্বপ্ন দেখতে পারছে ভারত। অভিষিক্ত পেসার ভুবনেশ্বর কুমারকে নিয়ে নবম উইকেটে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন ধোনি। যেখানে ভুবনেশ্বরের অবদান মাত্র ১৬।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩৮০ (ক্লার্ক ১৩০, হেনরিক্স ৬৮, ওয়ার্নার ৫৯; অশ্বিন ৭/১০৩)
ভারত প্রথম ইনিংস: ৫১৫/৮ (বিজয় ১০, শেবাগ ২, পুজারা ৪৪, টেন্ডুলকার ৮১, কোহলি ১০৭, ধোনি ২০৬*, জাদেজা ১৬, অশ্বিন ৩, হরভজন ১১, ভুবনেশ্বর ১৬*; প্যাটিনসন ৪/৮৯, লিয়ন ৩/১৮২, হেনরিক্স ১/৪৮)
