ইংল্যান্ডের সিরিজ জয়
তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে সহজেই ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।
এর আগে টি-টোয়েন্টি সিরিজও একই ব্যবধানে জিতেছিল অতিথিরা।
শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের দুই নতুন বলের বোলার জেমস অ্যান্ডারসন ও স্টিভেন ফিনের তোপে ১১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা।
শুরুর ধাক্কা পরে আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় কোনো জুটিও গড়তে পারেনি।
এক জন্য অবশ্য ব্যতিক্রম। আগের ম্যাচের মতো শনিবারও ব্যাট হাতে ঝড় তোলেন ব্রেন্ডন ম্যাককালাম।
কিন্তু অধিনায়কের ৬৮ বলে ৫টি ছক্কা ও ৬টি চারে সাজানো ৭৯ রানের আক্রমণাত্মক ইনিংসের পরও ১৮৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে সাবেক অধিনায়ক রস টেইলরের ব্যাট থেকে।
২৭ রানে ৩ উইকেট নেন ফিন।
ইডেন পার্কের ছোট মাঠে আড়াই শ’ রানও নিরাপদ নয়। তার চেয়ে অনেক কম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে কখনোই জয়ের জন্য দুর্ভাবনায় পড়তে হয়নি।
কেউ অর্ধ-শতক করতে পারেননি। তবে অধিনায়ক অ্যালিস্টার কুক (৪৬), এউইন মর্গান (৩৯), জোনাথন ট্রট (৩৮) ও জো রুটের (২৮*) দৃঢ়তায় ৭৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা।
ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো তিনটি টেস্টও খেলবে দুই দল। ডানেডিনে প্রথম টেস্ট শুরু হবে ৬ মার্চ থেকে। তার আগে ২৭ ফেব্রুয়ারি থেকে কুইন্সটাউনে শুরু হতে যাওয়া একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৪৩.৫ ওভারে ১৮৫ (ওয়াটলিং ১, রাদারফোর্ড ২, উইলিয়ামসন ৭, টেইলর ২৮, ইলিয়ট ২৪, ব্রেন্ডন ম্যাককালাম ৭৯, ফ্র্যাঙ্কলিন ১৪, নাথান ম্যাককালাম ৪, এলিস ৮, মিলস ২, সাউদি ৫*; ফিন ৩/২৭, ব্রড ২/৩৮, সোয়ান ২/৪৯, অ্যান্ডারসন ১/৩৪, ওকস ১/৩৪)
ইংল্যান্ড: ৩৭.৩ ওভারে ১৮৬/৫ (কুক ৪৬, বেল ২৪, ট্রট ৩৮, রুট ২৮*, মর্গান ৩৯, বাটলার ৩, ওকস ৩*; সাউদি ৩/৪৮, এলিস ২/৩৫)
