২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকিবুলের শতকেও স্বস্তিতে নেই সেন্ট্রাল জোন

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) ফাইনালে বিসিবি নর্থ জোনের বিপক্ষে টপ অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসানের শতকের পরও স্বস্তিতে নেই ওয়ালটন সেন্ট্রাল জোন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 07:40 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন-রাতের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৭৭ রান করে সেন্ট্রাল জোন।

জবাবে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান করেছে নর্থ জোন। মাইশুকুর রহমান ১৪ ও ফরহাদ হোসেন ৯ রানে ব্যাট করছেন।

এর আগে সাত বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে খেলতে নামা সেন্ট্রাল জোনের পক্ষে শামসুর রহমানের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন ইলিয়াস সানি। ষষ্ঠ ওভারেই তাকে জহুরুল ইসলামের সহজ ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরত পাঠিয়ে প্রথম আঘাত হানেন পেসার শুভাশীষ রায়।

ছন্দে থাকা শামসুর রহমান ও মার্শাল আইয়ুব দ্রুত ফিরে গেলে সেন্ট্রাল জোনের স্কোর দাঁড়ায় ৪৭/৩।

চতুর্থ উইকেটে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ৪৬, মেহরাব হোসেনের সঙ্গে ৪২, শুভাগত হোম চৌধুরীর সঙ্গে ৪৭, মোশাররফ হোসেনের সঙ্গে ৪২ ও নুরুল হাসানের সঙ্গে ৫৩ রানের পাঁচটি চল্লিশোর্ধ জুটি গড়ে দলকে তিনশর কাছাকাছি নিয়ে যান রকিবুল।

দলীয় ২৭৭ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে রকিবুলের (১২৫) বিদায়ের পর ঐ রানেই অলআউট হয়ে যায় সেন্ট্রাল জোন। রকিবুলের ২০৪ বলের ইনিংসে ১৮টি চার ও ১টি ছক্কা। ব্যক্তিগত ৯ রানে সাকলায়েন সজীবের বলে নাঈম ইসলামের হাতে একবার জীবন পান তিনি।

১৮ রানে ৪ উইকেট নিয়ে ফরহাদ রেজা নর্থ জোনের সেরা বোলার। এছাড়া সানজামুল ইসলাম ৩ উইকেট নেন ৭১ রানে।

খেলা শুরুর আগে ম্যাচ রেফারি রকিবুল হাসান, দুই আম্পায়ার এনামুল হক ও আনিসুর রহমানের হাতে গোলাপী বল তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি অ্যাডহক কমিটির সদস্য মাহবুব আনাম, জালাল ইউনুস, গাজী আশরাফ হোসেন লিপু, নাঈমুর রহমান দুর্জয় ও আই এইচ মল্লিক।

স্বাগত বক্তব্যে বিসিবির টুর্নামেন্ট কমিটির সভাপতি নাঈমুর বলেন, “মাঠের সমস্যা কাটিয়ে ক্রিকেটারদের আরো বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার সুযোগ করে দেয়ার লক্ষ্যে কাজ করছি আমরা। আশা করছি শিগগির এই সমস্যার সমাধান হবে।”

সেন্ট্রাল জোন প্রথম ইনিংস: ২৭৭ (শামসুর ২০, সানি ৫, রকিবুল ১২৫, মার্শাল আইয়ুব ৬, আশরাফুল ১৩, মেহরাব ২৫, শুভাগত ২৪, মোশাররফ ১৮, নুরুল ৩১, শাহাদত ০, তাসকিন ০*; ফরহাদ রেজা ৪/১৮, সানজামুল ৩/৭১, শুভাশীষ ২/৫৯, সজীব ১/৭০)

নর্থ জোন প্রথম ইনিংস: ২৩/০ (মাইশুকুর ১৪*, ফরহাদ হোসেন ৯*)