২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির উচ্ছ্বাস

টানা দ্বিতীয় শিরোপা জিতে ভীষণ উচ্ছ্বসিত ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 05:37 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

চট্টগ্রাম কিংসকে ফাইনালে ৪৩ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এবার শুরু থেকেই আমরা ভারসাম্যপূর্ণ একটি দল ছিলাম। সাকিবের উপস্থিতি দল সাজানোর ক্ষেত্রে আমাদের বাড়তি স্বাধীনতা দিয়েছিল।”

“দলের সবাই নিজের কাজ জানে। যখন যাকে যে কাজের জন্য আনা হয়েছে সেই সাফল্য পেয়েছে। দলের প্রায় সবাই পারফরম করেছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করা হয়েছিল, খেলোয়াড়রা নিজেদের কাজটা ভালোভাবে করতে পেরেছে বলে লক্ষ্য পূরণ হয়েছে,” যোগ করেন তিনি।

ব্যাটিংয়ে আরো দশ পনের রান বেশি হলে স্বস্তিতে থাকতেন জানিয়ে মাশরাফি বলেন, “রিয়াদ ব্যাটিং করার সময় শঙ্কা জেগেছিল। কিন্তু তারপরও ওভার প্রতি দশ রানের বেশি নেয়া সব সময়ই কঠিন।”

নিজের চোট নিয়ে শঙ্কা নেই, জানিয়েছেন মাশরাফি। চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে কি না এখনো জানেন না জানিয়ে মাশরাফি বলেন, “অন্য টুর্নামেন্টের চেয়ে বিপিএলও মানের দিক থেকে পিছিয়ে নেই। আয়োজকরা আমাদের সুযোগ দিলেও দিতে পারে।”

৩২৯ রান ও ১৫ উইকেট নিয়ে এবারো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতাটা প্রত্যাশিত জানিয়ে সাকিব বলেন, “ভালোই খেলছিলাম বলে আশা ছিল। মুশফিক, আজহার মেহমুদ, শামসুর রহমান, নাসিরসহ অনেকে ভালো খেলেছে। গত আসরেই সেরা খেলোয়াড় হয়েছিলাম বলে এবার আলাদা একটা চাপ ছিল।”

“শতভাগ ফিট থাকলে ভালো খেলার চেষ্টাটা আরো বেশি করতে পারতাম। ফিল্ডিংয়ে খুব একটা পরিশ্রম করতে পারি নি। তবে বিপিএলের এই পারফরম্যান্স শ্রীলঙ্কা সফরে এটা খুব কাজে লাগবে,” যোগ করেন তিনি।

চিকিৎসার জন্য দুই তিন দিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় যাবেন জানিয়ে সাকিব বলেন, “ভিসার জন্য আমার দিক থেকে সব কিছু করেছি। ভিসা পেলে পরের দিনেই চলে যাব।”

জ্যাকব ওরাম ও কেভন কুপারের চোটের কারণে উইনিং কম্বিনেশন ভাঙ্গতে হয়েছে জানিয়ে চট্টগ্রামের অধিনায়ক রিয়াদ বলেন, “দুই গুরুত্বপূর্ণ পেসারের চোটের কারণে শ্রীলঙ্কা থেকে দুজন ক্রিকেটার আনতে হয়েছে।”

“তাদের অনুপস্থিতিতে আমরা পরে ব্যাট করতে চেয়েছিলাম। শুরুতে উইকেট নিয়ে ঢাকাকে কম রানে বেধে রাখতে পারলে আমাদের ভালো সুযোগ থাকতো,” যোগ করেন তিনি।

হারের জন্য ফিল্ডিংকেই দায়ী করলেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, “আমাদের ফিল্ডিং ভালো হয় নি। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছি। আশরাফুল, সাকিব কম রানেই জীবন পেয়েছেন। সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে খেলার চিত্র অন্যরকম হতে পারত।”
“প্রথম ১০ ওভার ঢাকা ৯১ রান করলেও পরে আমাদের বোলাররা ভালো বল করেছে। ব্যাটিংয়ের সময় আমরা প্রথম ১০ ওভারে ৫ উইকেট হারিয়েছি, তাই আর লক্ষ্য তাড়া করা যায় নি,” যোগ করেন তিনি।