ফিরে গেলেন গেইল
সিলেট রয়্যালসের বিপক্ষে দারুণ এক শতক করে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে বিপিএলের ফাইনালে তুলে শনিবার রাতে দেশে ফিরে গেছেন ক্রিস গেইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপক মিনহাজউদ্দিন খান।
তবে গেইলের সঙ্গে একই বিমানে অস্ট্রেলিয়া থেকে আসা আরেক ক্যারিবীয় কাইরন পোলার্ড থাকছেন। ফাইনাল খেলেই দেশে ফিরবেন এই অলরাউন্ডার।
মঙ্গলবারের ফাইনালের জন্য গতবারের চ্যাম্পিয়নরা নিয়ে আসছে লিগ পর্বে খেলে যাওয়া লুক রাইটকে।
শুক্রবার সিলেট রয়্যালসের বিপক্ষে ৫১ বলে ১২টি ছক্কা ও ৫টি চারে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া গেইলকে ফাইনাল পর্যন্ত রেখে দেয়ার চেষ্টা করেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
এ প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, “গেইলকে ফাইনাল পর্যন্ত রেখে দেয়ার ইচ্ছা ছিল আমাদের। কিন্তু পিঠের চোটের কারণে তাকে চলে যেতে হয়েছে। তার চোট নিয়ে উদ্বিগ্ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ওয়েস্ট ইন্ডিজ দলের আসন্ন সিরিজকে সামনে রেখে তারা গেইলকে দেশে ফিরে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছে।”
