আজমলের ঘূর্ণিতে অস্বস্তিতে দক্ষিণ আফ্রিকা
কেপটাউনে দ্বিতীয় টেস্টে তেমন স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৩৮ রানের জবাবে সাঈদ আজমলের ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান। এখনো স্বাগতিকরা পিছিয়ে আছে ১৯৯ রানে।
কেপটাউনের নিউল্যান্ডসে ৫ উইকেটে ২৫৩ রান নিয়ে ব্যাট করতে নামা পাকিস্তানকে দ্বিতীয় ওভারেই ধাক্কা দেন ভার্নন ফিল্যান্ডার, আসাদ শফিককে অধিনায়ক গ্রায়েম স্মিথের ক্যাচ বানিয়ে। আগের দিন শেষে ১১১ রানে অপরাজিত শফিক আর কোনো রান করতে পারেননি।
শফিকের বিদায়ে স্কোর দাঁড়ায় ২৫৯/৬। ফিল্যান্ডার পর-পর দুই ওভারে সরফরাজ আহমেদ ও উমর গুলকে ফিরিয়ে দিলে ৮ উইকেটে ২৬৮ রানে পরিণত হয়ে তিন শ’র কমে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় অতিথিরা।
তবে তানভীর আহমেদের দৃঢ়তাভরা ৪৪ রান লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় পাকিস্তানকে। নবম উইকেটে আজমলের (২১*) সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন তানভীর।
৫৯ রানে ৫ উইকেট নেন ফিল্যান্ডার। টেস্টে এটি তার নবম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার।
জবাবে উদ্বোধনী জুটিতে ৩৬ রান করার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। অফস্পিনার আজমলের ঘূর্ণি-জাদুই তার কারণ।
হাশিম আমলা (২৫) ও ফাফ দু প্লেসি (২৮) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি।
দিন শেষে এবি ডি ভিলিয়ার্স ২৪ ও ডিন এলগার ১১ রানে অপরাজিত।
আজমলের বোলিং ফিগায় এক কথায় দুর্দান্ত, ২৫-৮-৪১-৫। এ নিয়ে সপ্তম বারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ৩৩৮ (হাফিজ ১৭, জামশেদ ৩, আজহার ৪, ইউনুস ১১১, মিসবাহ ০, শফিক ১১১, সরফরাজ ১৩, তানভীর ৪৪, গুল ০, আজমল ২১*, ইরফান ৬; ফিল্যান্ডার ৫/৫৯, মরকেল ২/৫৯, পিটারসন ২/৯৪, স্টেইন ১/৫৫)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৩৯/৫ (স্মিথ ১৯, পিটারসেন ১৭, আমলা ২৫, দু প্লেসি ২৮, ক্যালিস ২, ডি ভিলিয়ার্স ২৪*, এলগার ১১*; আজমল ৫/৪১)
