২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের পুরস্কার প্রাপ্তি

বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় ছয় মাস পর শুক্রবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

গত অগাস্টে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সপ্তম হওয়া বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

এই প্রতিযোগিতায় দুটি শতক সহ সর্বোচ্চ রান করেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এনামুল হক বিজয়। চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসের ব্যাট থেকে আসে একটি শতক। এই দুজন আরো এক লাখ টাকা পেয়েছেন।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ভিজুয়ালাইজেশন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, অনুর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ মিজানুর রহমান বাবলু প্রমুখ।