দক্ষিণ আফ্রিকার সামনে সিরিজ জয়ের হাতছানি
বৃহস্পতিবার থেকে কেপটাউনে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট সহজেই জেতায় এই ম্যাচ জিতলেই তিন টেস্টের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।
জোহানেসবার্গে প্রথম ইনিংসে টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন ৪৯ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়া পাকিস্তান হার মেনেছে ২১১ রানের বিশাল ব্যবধানে।
ঐ ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শততম বারের মতো অধিনায়কত্ব করা গ্রায়েম স্মিথ কেপটাউনেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। পাশাপাশি নিজের দলের ব্যাটসম্যানদের প্রশংসায়ও পঞ্চমুখ তিনি।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, “অভিজ্ঞতায়্ এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার ধরণ পাল্টে ফেলার যোগ্যতায় আমাদের প্রথম ছয় ব্যাটসম্যান সেরা। কঠিন সময় কাটিয়ে ওঠা এবং পরিস্থিতি বিবেচনা করে কী করা প্রয়োজন তা আমরা ভালো মতোই বুঝি।”
প্রথম টেস্টের ব্যাটিং-ব্যর্থতার কারণে বিধ্বস্ত হওয়া পাকিস্তানের জন্য দুঃসংবাদ, চোটের কারণে এই টেস্টে খেলতে পারবেন না বাঁহাতি পেসার জুনায়েদ খান।
তবে স্বাগতিকদের কঠিন পরীক্ষায় ফেলতে পারেন আরেক বাঁহাতি এবং টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ৭ ফুট ১ ইঞ্চি দীর্ঘ মোহাম্মদ ইরফান।
