মহিলা বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ
অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম বারের মতো মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে প্রতিযোগিতার রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়নদের ৮ রানে হারিয়েছে তারা।
সুপার সিক্স শেষে দুই দলেরই ৮ পয়েন্ট। ১৭ ফেব্রুয়ারির ফাইনালে আবার মুখোমুখি হবে দুই দল।
অন্য দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে ১১০ রানে এবং ইংল্যান্ড নিউজিল্যান্ডকে ১৫ রানে হারিয়েছে।
মুম্বাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে ৫৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া ক্যারিবীয়রা ডিয়ান্ড্রা ডটিনের ৬০ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ১৬৪ রান করে। অস্ট্রেলিয়ার পক্ষে পেসার মেগান শুট ও হলি ফার্লিং তিনটি করে উইকেট নেন।
জবাবে ৪ উইকেটে ১২৯ রান তুলে জয়ের সুবাস পেতে থাকা অস্ট্রেলিয়া হঠাৎ করেই পথ হারিয়ে বসে। মাত্র ২৭ রানে শেষ ছয় উইকেট হারিয়ে ১৫৬ রানে অলআউট হয়ে যায় তারা।
সর্বোচ্চ ৪৫ রান আসে অ্যালেক্স ব্ল্যাকওয়েলের ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শ্যানেল ড্যালি তিনটি ও স্টেফানি টেইলর দুটি উইকেট নেন।
