সিলেটের কাছে হেরে বরিশালের বিদায়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবারের প্রথম খেলায় বরিশাল বার্নার্সকে ১ উইকেটে হারিয়েছে সিলেট। এর আগে প্রথম দেখায়ও তারা জেতে ৩৩ রানে।
এই জয়ে ১২ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে সিলেট।
অন্য দিকে ১১ খেলায় ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা গত আসরের রানার্সআপ বরিশালের বিদায় নিশ্চিত হয়ে গেছে। চট্টগ্রামের বিপক্ষে সেমিফাইনালে কে খেলবে তা জানতে বৃহস্পতিবারের বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।
সেই ম্যাচে বরিশাল জিতলে ১০ পয়েন্ট নিয়ে রাজশাহী ও রংপুরের পাশে দঁড়াবে তারা। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শেষ দল হিসেবে সেমিফাইনালে যাবে রাজশাহী। আর রংপুর জিতলে চট্টগ্রামের বিপক্ষে শনিবারের সেমিফাইনালে খেলবে তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৪ রান করে বরিশাল। জবাবে ১৯ ওভার ৪ বলে ৯ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।
লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই হ্যামিল্টন মাসাকাদজা বিদায় নিলেও পল স্টার্লিং ও অধিনায়ক মুশফিকুর রহিম দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন।
৪২ রান করা স্টার্লিংয়ের ২৯ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা। দলীয় ১০৩ রানে বিদায় নেয়ার আগে ৩৪ বলে ৩৪ রান করেন মুশফিক। এরপর নাজমুল মিলনও (১) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় সিলেট।
দলকে ১২৫ পর্যন্ত নিয়ে যাওয়ার পর মমিনুল হক (১৪) ও এল্টন চিগুম্বুরা (১০ বলে ১৯) বিদায় দলের বিপদ আরো বাড়ায়। আট নম্বরে ব্যাটসম্যান মোহাম্মদ নবী দলকে নাটকীয় জয় এনে দেন। ৮ বলে ৩টি চারের সাহায্যে ১৬ রানে অপরাজিত থাকেন তিনি।
বরিশালের পক্ষে হামিদ হাসান ৩ উইকেট নেন ৩১ রানে। এছাড়া আজহার মেহমুদ ও ইলিয়াস সানি দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ৭ রানেই তিন ব্যাটসম্যান সাজঘরের পথ ধরায় বরিশালের শুরুটা ভালো হয় নি। চতুর্থ উইকেটে সাব্বির রহমানের (১৪ বলে ১৮) সঙ্গে ৫২ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক ব্র্যাড হজ।
১৪তম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরার আগে ৪৬ রান করেন হজ। তার ৪০ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা। তার বিদায়ের পর ১০ রান যোগ করতে আরো ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় বরিশাল।
৯২ রানে ৮ উইকেট হারানো বরিশালকে দেড়শর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব অলক কাপালি ও সানির। ১১ বলে ২০ রান করে সানি বিদায় নিলেও ৩৪ রানে অপরাজিত থাকেন অলক। তার ১৬ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা।
প্রথম ছয় ব্যাটসম্যানের তিনজনসহ চারজন ব্যাটসম্যান রানআউট হয়ে সাজঘরে ফিরেন। সিলেটের পক্ষে মমিনুল ১৪ রানে ২ উইকেট নেন।
