২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা গ্ল্যাডিয়েটর্সে গেইল-পাওয়েল

শেষ প্রান্তে চলে আসা দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসছেন প্রথম আসর মাতিয়ে যাওয়া ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। এবার দুজনেরই দল গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স্।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 06:58 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্স জানিয়েছে, “আগামী বৃহস্পতিবার রাত আটটা পঞ্চাশ মিনিটের বিমানে ঢাকায় আসবেন গেইল ও পোলার্ড।”

শুক্রবার সিলেট রয়্যালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ‘রেইস টু ফাইনাল’ বা ফাইনালে ওঠার লড়াইয়ে দুই ক্যারিবীয় তারকার খেলার ব্যাপারে আশাবাদী ঢাকা গ্ল্যাডিয়েটর্সের গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপক মিনহাজ উদ্দিন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতবার শেষ দিকে সাঈদ আজমল ও শহীদ আফ্রিদির উপস্থিতি আমাদের শিরোপা জিততে সাহায্য করেছিল। এবার গেইল ও পোলার্ডকে পেয়ে আবার চ্যাম্পিয়ন হওয়ার আশা করছি।”

গতবারও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন পোলার্ড। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য সেমিফাইনালের আগেই চলে যান তিনি। আর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শতক করা গেইল বরিশাল বার্নার্সের হয়ে খেলেছিলেন পাঁচটি ম্যাচ।

প্রথম আসরে পাঁচ লাখ ডলার পাওয়া গেইলকে এবার ভিত্তিমূল্য দেড় লাখ ডলারে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পোলার্ডের জন্যও একই খরচ হয়েছে তাদের।