২২ ফেব্রুয়ারি থেকে ‘ইনডোর ইউনি ক্রিকেট’
তিন সাবেক ক্রিকেটার আকরাম খান, আতহার আলী খান ও খালেদ মাসুদ পাইলটে প্রতিষ্ঠান থি ক্রিকসের উদ্যোগে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৩২টি বিশ্ববিদ্যালয় দলের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্ট চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি খেলা চ্যানেল টোয়েন্টিফোর সরাসরি সম্প্রচার করবে। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য ০১৭২৭৬৫৬৯৬৫ নম্বরে ফোন করতে হবে।
থ্রি কিকসের অন্যতম কর্ণধার পাইলট বলেন, “এইট-এ সাইড এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে ৮ ওভারের। এতে একজন সর্বোচ্চ দুই ওভার বল করতে পারবেন। আট গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে খেলবে।”
সাবেক অধিনায়ক আকরাম বলেন, “নিউজিল্যান্ড সফরে বৃষ্টির কারণে দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর মজা করার জন্য আমরা সেখানে ইনডোর ক্রিকেট খেলেছিলাম। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে এ ধরনের ক্রিকেট নিয়মিত হয়।”
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের পরিচালক সেখ জামিল উদ্দিন ও সেখ শামীম উদ্দিন ও ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান।
