২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে সালমান-আসিফের ‘লড়াই’

স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ সালমান বাট ও মোহাম্মদ আসিফ নিজেদের নির্দোষ প্রমাণ করতে আপিল করেছেন বিশ্ব ক্রীড়া আদালতে। আপিলের শুনানিতে অংশ নিতে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার এখন সুইজারল্যান্ডের লুজানে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

বৃহস্পতিবার আসিফের আপিলের শুনানি। সালমানের শুনানি হবে শুক্রবার।

২০১০ সালের অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইচ্ছাকৃতভাবে ‘নো’ বল করা ও এর সঙ্গে জড়িত থাকার দায়ে সালমান, আসিফ ও মোহাম্মদ আমিরকে যথাক্রমে ১০, সাত ও পাঁচ বছরের নিষেধাজ্ঞার শাস্তি দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডের একটি আদালতের দেয়া রায়ে কারাদণ্ডও ভোগ করেন তিন জনে।

গত বছর কারাগার থেকে মুক্তি পেয়ে আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন সালমান ও আসিফ। আমির অবশ্য আপিল করেননি।

আসিফের আইনজীবি রবি সুকুল আপিলে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “বিশ্ব মানের দুই খেলোয়াড়ের করা এই আকর্ষণীয় মামলাটির দিকে পুরো ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে তাকিয়ে। নিষেধাজ্ঞার শাস্তি বাতিল করার জন্য আমরা লড়াই চালিয়ে যাব।”