২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিকে নিয়ে ধোঁয়াশা

ঢাকা গ্ল্যাডিয়েটর্স জানিয়েছে, বিশ্রাম দিতেই চট্টগ্রাম কিংসের বিপক্ষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে খেলানো হয়নি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংসের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিশ্রাম দেয়া দিয়ে ক্রিকেট-অঙ্গনে এখন নানা গুঞ্জন। সোমবার এ ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা জানিয়েছে, এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা গ্ল্যাডিয়েটর্স জানায়, “চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাশরাফির না খেলা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ফ্র্যাঞ্চাইজি এর পেছনে কোনো কারণ খুঁজে পায়নি। ঐ ম্যাচে মাশরাফিকে বিশ্রাম দেয়া ছিল টিম ম্যানেজমেন্ট ও প্রধান কোচ ইয়ান পন্টের সিদ্ধান্ত।”

চট্টগ্রামের বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৪ রানে হেরে যায় ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, “পুরনো চোটের কারণে মাশরাফিকে আগেই বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের শ্রীলঙ্কান ফিজিও প্রিয়ান্থা বিক্রমাসিংহে। তাই দলের কোচ ইয়ান পন্ট টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টের মাঝামাঝি পর্যায়ে তাকে বিশ্রাম দেন। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবেন মাশরাফি।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে পন্ট জানান, “কয়েক দিন আগেই প্রিয়ান্থা বিক্রমাসিংহে মাশরাফির অবস্থা সম্পর্কে আমাকে জানিয়েছিলেন। তার পুরনো চোটগুলো সম্পর্কে আমরা সবাই জানি। আমরা মনে করি, তাকে বিশ্রাম দেয়া জরুরি ছিল।”

“দীর্ঘ সময় ধরে বিপিএল চলবে। মাশরাফি আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ সেমিফাইনাল, ফাইনালে আমরা তাকে খেলাতে চাই। তাই তাকে আমরা চাপে ফেলতে চাই না,” যোগ করেন তিনি।

বিক্রমাসিংহে বলেন, “আমরা মাশরাফির অবস্থা সম্পর্কে প্রধান কোচকে জানিয়েছি। সে আমাদের দলের সম্পদ। আমাদের মনে রাখতে হবে, তাকে সাতটি অস্ত্রোপচার করাতে হয়েছে।”