খুলনাকে আবারো হারাল বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবারের দ্বিতীয় ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে বরিশাল বার্নার্স। এর আগে দুই দলের প্রথম দেখায়ও গত আসরের রানার্সআপরা জেতে ৮ উইকেটে।
আট ম্যাচে তৃতীয় এই জয়ে সেমিফাইনালে উঠার স্বপ্ন বাঁচিয়ে রাখল বরিশাল। অন্য দিকে সমান খেলায় পঞ্চম হারে গত আসরের সেমিফাইনালিস্ট খুলনার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ৭ উইকেটে ১৪৫ রান করে খুলনা। জবাবে ১৭ ওভার ৫ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানে ড্যানলি জোসেফ লিয়াম (১০) ও সাব্বির রহমান (৮) সাজঘরের পথ ধরলে অস্বস্তিতে পড়ে বরিশাল।
সেখান থেকে তৃতীয় উইকেটে আজহার মেহমুদের সঙ্গে অধিনায়ক ব্র্যাড হজের ৫৪ বলে ৯৩ রানের জুটি গত আসরের রানার্সআপদের সহজ জয়ের ভিত গড়ে দেয়। দলকে জয়ের কাছাকাছি নিয়ে সাজঘরে ফেরার আগে চলতি আসরের তৃতীয় অর্ধশতকে পৌঁছান হজ।
৪৭ বলে গড়া হজের ৬৩ রানের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা। দলীয় ১২৮ রানে হজ বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মেহমুদ। ৫২ রানে অপরাজিত থাকা মেহমুদের ৩৩ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা।
এর আগে ব্যাট করতে নেমে ৮ ওভার ২ বলে নাজিম উদ্দিনের সঙ্গে শাহরিয়ার নাফীসের ৬০ রানের উদ্বোধনী জুটি খুলনাকে ভালো সূচনা এনে দেয়।
৩০ বলে দুটি করে চার ও ছক্কা হাঁকিয়ে অলক কাপালীর বলে ফারভিজ মাহরুফের হাতে ক্যাচ দেয়ার আগে ৩৩ রান করেন নাজিম। তার বিদায়ের পর মোটামুটি একাই খেলতে হয়েছে অধিনায়ক নাফীসকে।
আঠারোতম ওভারের তৃতীয় বলে সাজঘরের পথ ধরার আগে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন নাফীস। ৯টি চারে সাজানো তার ৫০ বলের ইনিংসের সৌজন্যেই দেড়শর কাছাকাছি যায় খুলনা।
২৩ রানে ৩ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার আজহার মেহমুদ। দুটি করে উইকেট নেন অলক ও মাহরুফ।
জামায়াতে ইসলামীর ডাকা মঙ্গলবারের হরতালে খেলা পেছানো হবে না জানিয়ে বিপিএল গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খেলা পেছানোর কোনো সুযোগ নেই। আগামীকাল (মঙ্গলবার) নির্ধারিত সময়েই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।”
