ঢাকার লজ্জাজনক হার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবারের দ্বিতীয় ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে টুর্নামেন্টের সর্বনিম্ন ৮৮ রানে আটকে দিয়ে সহজেই ৫৪ রানে জিতেছে চট্টগ্রাম কিংস।
সাত খেলায় টানা দ্বিতীয় এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম। সমান খেলায় দ্বিতীয় হারের পরও ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ঢাকা।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৪২ রান করে চট্টগ্রাম। জবাবে ৮ উইকেটে ৮৮ রানের বেশি করতে পারেনি ঢাকা।
বিপিএলে এটি সর্বনিম্ন রান। এর আগে গত ২৯ জানুয়ারি একই ভেন্যুতে খুলনার বিপক্ষে ৮৯ রান করে রংপুর রাইডার্স।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি ঢাকা। ১ রান করে জশুয়া কব ও এনামুল হক বিজয়, রানের খাতা খোলার আগেই ওয়াইজ শাহ ও ড্যারেন স্টিভেন্স এবং ২ রান করে সৌম্য সরকার ও কুশল লুকুরাচ্চি সাজঘরের পথ ধরলে ১০ ওভারে ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে ঢাকা।
এরপর খেলা ফলাফল নিয়ে আর কোনো অনিশ্চিয়তা থাকে নি। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিশ্রাম দেয়ায় এই ম্যাচে ঢাকা খেলে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে।
দলীয় ৭২ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে সর্বোচ্চ ৩৩ রান আসে আশরাফুলের ব্যাট থেকে। এছাড়া আলফানসো টমাস (১২), মোশাররফ হোসেন (অপরাজিত ১৬) ও মাহবুবুল আলম (অপরাজিত ১৩) দুই অঙ্কের কোটায় পৌঁছালেও বিপিএলে সর্বনিম্ন রানের লজ্জা এড়াতে পারেনি ঢাকা।
চট্টগ্রামের পক্ষে জ্যাকব ওরাম, আরাফাত সানি ও এনামুল হক জুনিয়র দুটি করে উইকেট নেন।
এর আগে চট্টগ্রামে বিপিএলের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই রবি বোপারা সাজঘরে পথ ধরলে চট্টগ্রাম শুরুতেই হোঁচট খায়।
দ্বিতীয় উইকেটে নাঈম ইসলামের সঙ্গে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের ৫২ রানের জুটি স্বস্তি ফেরায় স্বাগতিক শিবিরে। ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ টেইলরের ৪১ রানেই ইনিংস থামে মোশাররফের বলে মাহবুবুল আলমের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে।
রায়ান টেন ডোসকাটের সঙ্গে নাঈমের ৫৪ রানের আরেকটি চমৎকার জুটি চট্টগ্রামকে ২ উইকেটে ১০৮ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়। অর্ধশতকে পৌঁছানোর পরের বলেই মাহবুবুলের শিকারে পরণত হয়ে নাঈম (৫০) বিদায় নিলে দিক হারায় চট্টগ্রাম।
নাঈমের ৩৮ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা। এরপর টেন ডোসকাটের ২৩ ও মাহমুদুল্লাহ রিয়াদের ১১ রানও দেড়শ পর্যন্ত নিতে পারেনি স্বাগতিকদের।
শেষ ৬ ওভারে ৩৩ রান তুলতেই ৮ উইকেট হারায় চট্টগ্রাম। দলের শেষ ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেন নি।
ঢাকার পক্ষে আলফানসো, লুকুরাচ্চি ও মোশাররফ দুটি করে উইকেট নেন।
