২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিকে বিশ্রাম দিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স

নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিশ্রাম দিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তার বদলে শনিবারের দ্বিতীয় ম্যাচে গত আসরের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 12:29 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঢাকার ম্যানেজার সানোয়ার হোসেন বলেন, “গত দুই ম্যাচে ব্যথা নিয়ে বল করছিলেন মাশরাফি। টুর্নামেন্টে এখনো অনেক ম্যাচ বাকি তাই বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ককে।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডের পর থেকেই ব্যথা অনুভব করছিলেন মাশরাফি। এ কারণে প্রায় একমাসের মতো বলই করেন নি তিনি। চলতি আসরে ঢাকার প্রথম ছয় ম্যাচে খেললেও খুব বেশি বল করেন নি দেশসেরা এই পেসার।

উরুর পেশির চোটের কারণে শুক্রবার দুরন্ত রাজশাহীর বিপক্ষে ঢাকার শেষ ম্যাচে খেলেন নি অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে সাতদিনের বিশ্রাম দেয়া হয়েছে জানিয়ে সানোয়ার বলেন, “চট্টগ্রামের বিপক্ষেও খেলছেন না সাকিব। আশা করছি শিগগির সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন তিনি।”