স্টেইনের তোপে পাকিস্তানের ৪৯ রানের লজ্জা
আগের দিন দক্ষিণ আফ্রিকাকে ২৫৩ রানে অলআউট করার তৃপ্তি নিয়ে মাঠ থেকে ফিরেছিল পাকিস্তান। পরের দিন তারাই নিজেদের সর্বনিম্ন সংগ্রহের লজ্জায় পড়ে ৪৯ রানে অলআউট।
প্রথম টেস্টে ২০৪ রানের লিড পেলেও পাকিস্তানকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শনিবার দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেটে ২০৭ রান। সব মিলিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ৪১১ রানে এগিয়ে।
প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে শততম বারের মতো অধিনায়কত্বের রেকর্ড গড়া গ্রায়েম স্মিথ ৫২ রান করেছেন। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটি গড়ে হাশিম আমলা ৫০ ও এবি ডি ভিলিয়ার্স ৬৩ রানে অপরাজিত।
টেস্ট ক্রিকেটে পাকিস্তানের আগের সর্বনিম্ন রান ছিল ৫৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে শারজায় ২০০২ সালে। ঐ ম্যাচ মাত্র দুই দিনে শেষ করে ইনিংস ব্যবধানে জিতেছিল স্টিভ ওয়াহর দল।
৮ রানে ৬ উইকেট নিয়ে অতিথিদের ধ্বংসস্তুপে পরিণত করার প্রধান কৃতিত্ব টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ডেল স্টেইনের।
জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বিনা উইকেটে ৬ রান নিয়ে ব্যাট করতে নামা অতিথিদের বিপর্যয়ের সূচনা দিনের দ্বিতীয় এবং স্টেইনের প্রথম ওভারে।
উইকেট রক্ষক ডি ভিলিয়ার্সের গ্লাভসবন্দী হওয়া মোহাম্মদ হাফিজ আগের দিনের ৬ রানের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি।
স্টেইনের পরের ওভারের প্রথম বলে অভিষিক্ত নাসির জামশেদ এলবিডব্লিউ। ঐ ওভারের শেষ বলে ইউনুস খানও স্লিপে স্মিথকে ক্যাচ দিলে স্কোর দাঁড়ায় ১২/৩।
আজহার আলীকে নিয়ে বিপদ থেকে দলকে উদ্ধারের চেষ্টা করছিলেন অধিনায়ক মিসবাহ-উল-হক। আজহারকে কট বিহাইন্ড করে ২৪ রানের জুটিটা ভাঙ্গেন জ্যাক ক্যালিস।
ক্যালিসের পরের ওভারে মিসবাহও ক্যাচ দেন ডি ভিলিয়ার্সকে। সঙ্গে-সঙ্গে শুরু হয়ে যায় স্টেইন আর ভার্নন ফিল্যান্ডারের তাণ্ডব।
বিশেষ করে স্টেইন রীতিমতো আতঙ্ক হিসেবে আবির্ভূত হন পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে। এই ডানহাতি ফাস্ট বোলারের বোলিং ফিগারও এক কথায় অসাধারণ---৮.১-৬-৮-৬।
ঘরের মাঠে এটাই স্টেইনের সেরা বোলিং। আর টেস্টে ২০তম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার।
দুটি করে উইকেট নেন ক্যালিস ও ফিল্যান্ডার।
৬টি ক্যাচ নেয়া ডি ভিলিয়ার্সের কৃতিত্বও কম নয়। দক্ষিণ আফ্রিকার পক্ষে এক ইনিংসে ৬টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করেন তিনি। ডি ভিলিয়ার্সের আগে এই কীর্তি ছিল ডেনিস লিন্ডসে ও মার্ক বাউচারের।
অতিথি ব্যাটসম্যানদের ব্যর্থতার ভীড়ে দুই অঙ্কের রান শুধু দুজনের---আজহারের ১৩ ও মিসবাহর ১২।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৫৩ (ক্যালিস ৫০, দু প্লেসি ৪১; হাফিজ ৪/১৬) ও ২০৭/৩ (পিটারসেন ২৭, স্মিথ ৫২, আমলা ৫০*, ক্যালিস ৭, ডি ভিলিয়ার্স ৬৩*; গুল ২/২৫, আজমল ১/৬১)
পাকিস্তান: ৪৯ (হাফিজ ৬, জামশেদ ২, আজহার ১৩, ইউনুস ০, মিসবাহ ১২, আসাদ ১, সরফরাজ ২, গুল ০, আজমল ১, জুনায়েদ ৮*, রাহাত ০; স্টেইন ৬/৮, ক্যালিস ২/১১, ফিল্যান্ডার ২/১৬)
