২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত ম্যাচে রাজশাহীর তিন অধিনায়ক

সপ্তম ম্যাচে এসে তৃতীয়বারের মতো অধিনায়ক পাল্টেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল দুরন্ত রাজশাহী। টুর্নামেন্টের তলানিতে থাকা দলটির নতুন অধিনায়ক শ্রীলঙ্কার অলরাউন্ডার চামারা কাপুগেদারা।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 09:00 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

তৃতীয় ম্যাচ থেকে গত আসরের সেমিফাইনালিস্টদের নেতৃত্ব দিচ্ছিলেন উইকেটরক্ষক জহুরুল ইসলাম। তার অধিনায়কত্বে চার ম্যাচ খেলে রাজশাহী জেতে মাত্র একটিতে।
জহুরুলের নিজেও ভুগছিলেন রান খরায়। চার ইনিংসে দুবার (২৬ ও ১০) পৌঁছান দুই অঙ্কের ঘরে।

সাত ম্যাচে তিন অধিনায়ক প্রসঙ্গে রাজশাহীর মালিক মুশফিকুর রহমান মোহন বলেন, “জহুরুলকে নেতৃত্ব থেকে সরানো হয়নি। অধিনায়কত্ব উপভোগ করছিলেন না বলে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।”

“অনুরোধ করেই জহুরুলকে নেতৃত্বে আনা হয়েছিল। অধিনায়কত্ব ছাড়লেও দলের সহ-অধিনায়ক তিনিই,” যোগ করেন মোহন।

৩১ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেয়া কাপুগেদারা শুক্রবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলেন।

টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান সাইমন ক্যাটিচকে অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে সহ-অধিনায়ক ঘোষণা করেছিল রাজশাহী।

ক্যাটিচের অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন তামিম। বিগ ব্যাশ লিগে খেলা শেষে এসে ক্রিকেটারদের ভালো করে চেনেন না জানিয়ে অধিনায়কত্ব নিতে রাজি হননি ক্যাটিচ। অন্যদিকে ব্যাটিংয়ে মনযোগ বাড়াতে দুই ম্যাচ শেষেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তামিম।