২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালকে আবারো হারাল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবারের প্রথম ম্যাচে বরিশাল বার্নার্সকে ৪ উইকেটে হারিয়েছে দুরন্ত রাজশাহী। একই ভেন্যুতে দুই দলের প্রথম দেখায় ৪ রানে জিতেছিল রাজশাহী।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 08:24 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

সাত খেলায় তৃতীয় এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে রাজশাহী। সমান খেলায় ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে বরিশাল। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিলেট রয়্যালস।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫২ রান করে বরিশাল। জবাবে ১৯ ওভার ৪ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানেই তামিম ইকবাল (৯) ও চার্লস কভেন্ট্রির (১) বিদায়ে রাজশাহীর শুরুটা ভালো হয়নি।

তৃতীয় উইকেটে দিলশান মুনাবিরার (২৯) সঙ্গে ৪৪ ও চতুর্থ উইকেটে শন আরভিনের (২০ বলে ২৮) সঙ্গে ৫৩ রানের দুটি ভালো জুটি গড়ে শুরুর ধাক্কা সমাল দিয়ে দলকে ৩ উইকেটে ১১০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করানোর কৃতিত্ব জহুরুল ইসলামের।

ষোলতম ওভারের প্রথম বলে আরভিন ও পরের ওভারের প্রথম বলে নতুন অধিনায়ক চামারা কাপুগেদরার বিদায়ে ছন্দপতন ঘটলেও জিয়াউর রহমানের (অপরাজিত ১২) সঙ্গে ২৮ রানের জুটি গড়কে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো জহুরুল।

দলীয় ১৪২ রানে সাজঘরে ফেরার আগে ৫৭ রান করেন ম্যাচ সেরা জহুরুল। তার ৩৮ বলের ইনিংসে ৩টি করে ছক্কা ও চার।

শফিউল ইসলামের করা শেষ ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল ১০ রান। মুক্তার আলীর (৪ বলে অপরাজিত ১০) দুই চারের সৌজন্যে দুই বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় গত আসরের সেমিফাইনালিস্টরা।

বরিশালের পক্ষে আজহার মেহমুদ ও কবীর আলী দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে ১৯ রানেই অধিনায়ক ব্র্যাড হজ বিদায় নিলেও ড্যানলি জোসেফ লিয়াম (২৩) ও সাব্বির রহমানের (২৯) ৪৬ রানের জুটির সৌজন্যে ১ উইকেটে ৫৬ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ায় গত আসরের রানার্সআপরা।

দশম ওভারে লিয়াম ও সাব্বিরকে ফিরিয়ে দিয়ে বরিশালকে বড় একটা ধাক্কা দেন মুনাবিরা। সেখান থেকে আজহারের অর্ধশতকের সৌজন্যে দেড়শ পেরুয় বরিশালের স্কোর।

ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ৫৭ রান করেন আজহার। তার ৩৪ বলের ইনিংসটি ৪টি ছক্কা ও ২টি চার।

১৮ রানে ২ উইকেট নিয়ে মুনাবিরা রাজশাহীর সেরা বোলার।

প্রথম দিন থেকেই গ্যালারি দর্শকপূর্ণ থাকলেও চট্টগ্রামে বিপিএলের শেষ দিন শনিবার এমএ আজিজ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। শৃঙ্খলা বজায় রাখতে হিমসিম খেয়েছেন নিরাপত্তা কর্মীরা। বাঁশের বেষ্টনি দিয়ে সংরক্ষিত রাখা আসনগুলোও দখলমুক্ত রাখতে পারেন নি তারা।