২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। সোমবার মেলবোর্নে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে দুই রানে জিতেছে তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Jan 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সিডনিতে প্রথম টি-টোয়েন্টিও ৫ উইকেটে জিতেছিল অতিথিরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬১ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থেকে যান মাহেলা জয়াবর্ধনে। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান থিসারা পেরেরার।

জবাবে অস্ট্রেলিয়া ১০ ওভারে দুই উইকেটে ৬০ রান করার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি থামলে পুননির্ধারিত লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১২২ রান।

শন মার্শ (অপরাজিত ৪৭) ও অধিনায়ক জর্জ বেইলি (৪৫) লক্ষ্যের দিকে ভালো ভাবেই নিয়ে যাচ্ছিলেন অস্ট্রেলিয়াকে।

থিসারা পেরেরার করা শেষ ওভারে প্রয়োজন ছিল ১৮ রান। দ্বিতীয় বলে বেইলি আউট হয়ে গেলেও নতুন ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল পর-পর দুই বলে চার মেরে স্বাগতিকদের আশা বাঁচিয়ে রেখেছিলেন।

শেষ বলে করতে হতো চার রান। কিন্তু ম্যাক্সওয়েল ব্যাটে-বলে সংযোগ ঘটাতে না পারায় একটি বাই রানের বেশি নিতে পারেনি অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কা তাই মেতে ওঠে নাটকীয় জয়ের আনন্দে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬১/৪ (দিলশান ৬, কুশাল পেরেরা ১৫, চান্দিমাল ৫, জয়াবর্ধনে ৬১*, জীভান মেন্ডিস ২৫, থিসারা পেরেরা ৩৫*; ম্যাক্সওয়েল ১/২৩, ফকনার ১/২৪, ডোহার্টি ১/৩০, লাফলিন ১/৪০)

অস্ট্রেলিয়া: ১৫ ওভারে ১১৯/৩ (ওয়ার্নার ৭, ফিঞ্চ ৭, মার্শ ৪৭*, বেইলি ৪৫, ম্যাক্সওয়েল ৮*; কুলাসেকারা ১/১৮, অজন্তা মেন্ডিস ১/২৫, থিসারা পেরেরা ১/২৫)

ম্যাচ সেরা: থিসারা পেরেরা