চট্টগ্রামে জমজমাট বিপিএল
ঢাকা ও খুলনায় দর্শক-খরা থাকলেও চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনেই ছিল গ্যালারি ভরা দর্শক।
সোমবার স্থানীয় দল চট্টগ্রাম কিংস ও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিলেট রয়্যালসের প্রথম ম্যাচের সময় এম এ আজিজ স্টেডিয়ামের গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না।
খুলনায় অবশ্য শেষ দিনে দর্শক হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে বিপিএল আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগী গেমঅনের সভাপতি এনায়েতুর রহমান বাপ্পী বলেন, “বিপিএল ধীরে-ধীরে জমে উঠছে। খুলনায় শেষ দিনের পর চট্টগ্রামে শুরুতেই দর্শক মাঠে এসেছে।”
“এটা পুরোপুরি স্থানীয় আয়োজক কমিটির অবদান। শুরু থেকেই অনেক প্রচারণা চালিয়েছেন তারা। আজকে (সোমবার) তারই সুফল দেখা গেছে,” যোগ করেন তিনি।
বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও স্থানীয় আয়োজক কমিটির আহ্বায়ক আ জ ম নাসির জানান, “জাতীয় ক্রীড়া পরিষদের তথ্য অনুযায়ী, এম এ আজিজ স্টেডিয়ামের আসন সংখ্যা প্রায় ৩২ হাজার। আজ (সোমবার) ৩০ হাজারেরও বেশি টিকেট বিক্রি হয়েছে।”
গ্যালারি পরিপূর্ণ করে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলমের উদ্যোগও প্রশংসনীয়। চট্টগ্রাম কিংসের সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা কমিটির সভাপতির দায়িত্বে থাকা মনজুর আলম প্রতিদিন সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তিন হাজার শিক্ষার্থীকে সংরক্ষিত গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ দিয়েছেন।
