খুলনার টানা দ্বিতীয় জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবারের দ্বিতীয় খেলায় রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গলস।
এটি খুলনার টানা দ্বিতীয় জয়। অন্যদিকে রংপুরের দ্বিতীয় হার।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান করে খুলনা। জবাবে ৭ উইকেটে ১৪১ রানেই থেমে যায় রংপুরের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে শাপুর জারদানের মারাত্মক বোলিংয়ে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় রংপুর।
এরপর নাসির হোসেন দেখেশুনে খেললেও ডানজা হায়াট (১৭) ও দিমিত্রি মাসকারেনহাস (১৯), ক্যামেরন বোর্গাসদের (৩) দ্রুত বিদায়ে ১৬ ওভারে ১০১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে রংপুর।
১৩তম ওভারে মাসকারেনহাস লংঅফে ক্যাচ দিলেও ত্রিশগজের মধ্যে তিনজন ফিল্ডার থাকায় নো বলের কল্যাণে বেঁচে যান। ষোলোতম ওভারের শেষ বলে তাকে বোল্ড করে রংপুরকে বড় একটা ধাক্কা দেন সানজামুল।
চেষ্টা করেছিলেন দারুণ ছন্দে থাকা নাসির। ৪৯ বলে ২টি ছক্কা ও ৭টি চারে গড়া তার ৭০ রানের অনবদ্য ইনিংসও দলের হার এড়াতে পারেনি।
২১ রানে ৩ উইকেট নিয়ে জার্দান খুলনার সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে করতে নেমে মাসকারেনহাসের মারাত্মক বোলিংয়ে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় খুলনা।
শুরুতে বেশ সকর্ত ছিলেন অধিনায়ক শাহরিয়ার নাফীস ও ড্যানিয়েল হ্যারিস। শুরুতে উইকেট হারানোয় প্রথম ১০ ওভারে ৪৪ রানের বেশি করতে পারেনি খুলনা।
সময় গড়ানোর সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেন নাফীস-হ্যারিস। পঞ্চম উইকেটে তাদের ৭০ রানের জুটি স্বস্তি ফেরায় স্বাগতিক শিবিরে।
আগের ম্যাচে শতকের দেখা পাওয়া নাফীস এই ম্যাচেও ছিলেন দুর্দান্ত। মাসকারেনহাসেনর বলে বোল্ড হয়ে হওয়ার আগে তিনি খেলেন ৫৩ রানের অধিনায়কোচিত ইনিংস। তার ৫০ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা।
তার বিদায়ের ধাক্কা দলের ওপর পড়তে দেননি হ্যারিস-ফরহাদ রেজা। ষষ্ঠ উইকেটে ৩ ওভার ২ বলে তাদের (১২ বলে ২৪) ৪৩ রানের জুটি খুলনাকে নিয়ে যায় দেড়শ পর্যন্ত। শেষ দশ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান যোগ করে খুলনা।
১২ বলে ২৪ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন রেজা। ৪৮ রানে অপরাজিত থাকা হ্যারিসের ৪১ বলের ইনিংসে ২টি চার ও একটি ছক্কা।।
রংপুরের পক্ষে শরীফ ও মাসকারেনহাস তিনটি করে উইকেট নেন।
বৃহস্পতিবারের দ্বিতীয় খেলায় অধিনায়ক শাহরিয়ার নাফীসের অপরাজিত শতকের সৌজন্যে চতুর্থ ম্যাচে প্রথম জয় পেয়েছে খুলনা। স্থানীয় দলকে সমর্থন দিতে শুক্রবার স্টেডিয়ামের গ্যালারি প্রায় পূর্ণ।
