২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা গ্ল্যাডিয়েটর্সের প্রথম হার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবারের প্রথম ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে সিলেট রয়্যালস।

অনীক মিশকাত অনীক মিশকাত

খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 07:50 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

টানা চতুর্থ এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে গত আসরে সবার নিচে থাকা সিলেট। অন্যদিকে এটি ঢাকার প্রথম হার। ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে তারা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টানা চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫২ রান করে ঢাকা। জবাবে ১৮ ওভার ৪ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

লক্ষ্য তাড়া করতে নেমে আলফানসো টমাসের মারাত্মক বোলিংয়ে ২৩ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে সিলেটের শুরুটা ভালো হয় নি।

তৃতীয় উইকেটে মমিনুল হকের সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের ৭৯ রানের জুটি সিলেটকে জয়ের ভিত গড়ে দেয়। সাকলায়েন সজীবের বলে লংঅনে ড্যারেন স্টিভেন্সের ক্যাচে পরিণত হওয়ার আগে ৩৫ বলে ৩৭ রান করেন মমিনুল।

দলীয় ১০২ রানে মমিনুলের বিদায়ের পর বাকি কাজটুকু নাজমুল মিলনকে নিয়ে সহজেই সারেন ম্যাচ সেরা মুশফিক। দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া মুশফিকের ৫০ বলে খেলা অপরাজিত ৭৫ রানের ইনিংসটি ৪টি ছক্কা ও ৩টি চার সমৃদ্ধ।

অধিনায়কের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি গড়ে ৮ বল হাতে রেখে এনে দেয়া জয়ে নাজমুলেরও বড় অবদান। শেষ পর‌্যন্ত রানে ২৫ অপরাজিত থাকা আক্রমণাত্মক এই ব্যাটসম্যানের ১৭ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা।

এর আগে ব্যাট করতে নেমে ৫ রান করে লুক রাইট বিদায় নিলেও এনামুল হক বিজয়ের (২৩ বলে ৩০) সঙ্গে মোহাম্মদ আশরাফুলের ৪৬ রানের জুটির সৌজন্যে ২ উইকেটে ৮৩ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ায় ঢাকা।

মমিনুলের বলে বোল্ড হওয়ার আগ পর‌্যন্ত চমৎকার খেলছিলেন আশরাফুল। ৩৫ বলে ৩টি চার ও ১টি ছক্কায় গড়া তার ৩৮ রানের ইনিংস শেষ হয় স্ট্যাম্পের বল লেটকাট করতে গিয়ে।

আশরাফুলের বিদায়ের পর ওয়াইজ শাহ (১০), সাকিব আল হাসান (৭) ও জশুয়া কবও (১৪) দ্রত সাজঘরের পথ ধরলে বেশ অস্বস্তিতে পড়ে যায় ঢাকা।

সেখান থেকে গত আসরের চ্যাম্পিয়নদের স্কোর দেড়শ পেরুনোর কৃতিত্ব প্রথমবারের মতা খেলতে নামা স্টিভেন্সের। ১৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি।

বৃহস্পতিবার দুরন্ত রাজশাহীর বিপক্ষে খুলনা রয়েল বেঙ্গলস অধিনায়ক শাহরিয়ার নাফীসের শতকে প্রাণ ফিরে পেয়েছে বিপিএল। খুলনায় বিপিএলের চতুর্থ ও শেষ দিন গ্যালারি প্রায় পূর্ণ।