রংপুরের টানা দ্বিতীয় জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবারের প্রথম ম্যাচে ৭ রানে বরিশাল বার্নার্সকে হারিয়ছে রংপুর রাইডার্স।
এটি রংপুরের টানা দ্বিতীয় জয়। অন্য দিকে বরিশালের দ্বিতীয় হার।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৪ রান করে রংপুর। জবাবে ৮ উইকেটে ১৬৭ রানেই থেমে যায় বরিশালের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই ফিল মাস্টার্ডের বিদায়ে বরিশালের শুরুটা ভালো হয় নি।
এক প্রান্তে অধিনায়ক ব্র্যাড হজ অবিচল থাকলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় এক সময়ে গত আসরের রানার্সআপদের স্কোর দাঁড়ায় ৪৮/৪।
পঞ্চম উইকেটে হজ ও সাব্বির রহমানের তাদের ৫৯ রানের জুটি স্বপ্ন দেখাচ্ছিল গত আসরের রানার্সআপদের। কিন্তু দলীয় ১০৭ রানে কেভিন ও’ব্রায়েনের বলে হজের (৫৮) বিদায় বরিশালকে আবারো চাপে ফেলে দেয়। হজের ৩৮ বলে ৩টি ছক্কা ও ৪টি চার। এটি তার টানা দ্বিতীয় অর্ধশতক।
এরপরও চেষ্টা করেছিলেন সাব্বির। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫টি ছক্কা ও ৪টি চারে গড়া তার ৬৯ রানের ইনিংসটি শেষ ওভার পর্যন্ত খেলায় রেখেছিল বরিশালকে। শেষ ৩ বলে ১৪ রান প্রয়োজন এমন সময়ে লংঅনে শামসুর রহমান শুভর দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে তার ইনিংসের সমাপ্তি না হলে খেলার ফলাফল অন্যরকমও হতে পারতো।
ম্যাচ সেরা শামসুর বলেন, “আমার ইনিংসের চেয়েও সাব্বিরের ক্যাচটাকেই এগিয়ে রাখববো। ৩ বলে ১৪ রান প্রয়োছিল সাব্বির খেলছিলও ভালো। ক্যাচ না হলে ম্যাচটা বেরিয়ে যেতে পারতো।”
৩৩ রানে ৪ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার রাজ্জাক।
এর আগে ব্যাট করতে নেমে ৮ ওভার ১ বলে ইমরুল কায়েসের সঙ্গে শামসুরের ৭০ রানের জুটির সৌজন্যে শুরুটা বেশ ভালো হয় রংপুরের। অলক কাপালীর বলে ইলিয়াস সানির ক্যাচে পরিণত হয়ে ইমরুল (২৭ বলে ২৯) বিদায় নিলে ভাঙ্গে বিপজ্জনক হয়ে উঠা উদ্বোধনী জুটি।
দ্বিতীয় উইকেটে ৫ ওভারে নাসির হোসেনের সঙ্গে শামসুরের ৪৩ রানের আরেকটি ভালো জুটি রংপুরকে শক্ত ভিতের ওপর দাঁড় করায়। ৪০ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৬ রান করা শামসুরকে শুভাগত হোম চৌধুরীর ক্যাচ পরিণত করে সাজঘরে ফেরতে পাঠানোর কৃতিত্ব সানির। এটি শামসুরের দ্বিতীয় অর্ধশতক।
এরপর বেশিক্ষণ টেকেন নি নাসির (১৪ বলে ১৭)। সানির বলে শুভাগতর দ্বিতীয় ক্যাচে পরিণত হওয়ার আগে ১৪ বলে ১৭ রান করেন তিনি।
দলীয় ১১৬ রানে নাসিরের বিদায়ের পর নিয়াল ও’ব্রায়েন (১৯ বলে ২৭) ও ক্যামেরন বোর্গাসের (১৮ বলে অপরাজিত ২৪) ৫১ রানের জুটির সৌজন্যে লড়াইয়ের পুঁজি গড়ে রংপুর।
২১ রানে ২ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার সানি।
ম্যাচ শেষে সাব্বির বলেন, “পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভার) ওরা খুব ভালো ব্যাটিং করেছে। শামসুর দারুণ ইনিংস খেলেছেন। আর শুরুতে বেশি উইকেট হারিয়েছি, এটাই ব্যবধান গড় দিয়েছে।”
