পাকিস্তানে আফগানিস্তান দল
পাকিস্তান ‘এ’ এবং আরো কয়েকটি দলের বিপক্ষে ১২টি ম্যাচ খেলতে চার সপ্তাহের জন্য পাকিস্তান সফরে গেছে আফগানিস্তান।
নিরাপত্তা না পাওয়ার আশঙ্কায় কোনো টেস্ট খেলুড়ে দল পাকিস্তান সফরে যেতে রাজি নয়। আফগানিস্তান অবশ্য ‘বন্ধুত্বের’ হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশীর দিকে। পাকিস্তান ‘এ’ এবং আরো কয়েকটি দলের বিপক্ষে ১২টি ম্যাচ খেলতে চার সপ্তাহের জন্য পাকিস্তান সফরে গেছে তারা।
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উদগ্রীব পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) আফগানিস্তানের আগমনে দারুণ খুশি।
এক সংবাদ সম্মেলনে পাকিস্তান জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির উন্নয়ন বিষয়ক প্রধান ইন্তিখাব আলম বলেন, “চার সপ্তাহের জন্য আফগানিস্তান দল পাকিস্তান সফরে এসেছে। তারা আমাদের অ্যাকাডেমির সব সুবিধা নেবে এবং কোচদেরও সাহায্য পাবে। সেই সঙ্গে আটটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।”
“আমরা আরও কয়েকটি দেশের সঙ্গে তাদের পাকিস্তানে নিয়ে আসার জন্য আলোচনা করছি,” যোগ করেন পাকিস্তানের সাবেক কোচ।
