২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের আক্ষেপ আর হতাশা

“প্রথম ৬ ওভারেই আমরা হেরে গেছি। ঐ সময় আমরা বেশি রান করতে পারিনি।”

অনীক মিশকাত অনীক মিশকাত

. , খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 06:35 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১৫৬ রান তাড়া করতে নেমে ঢাকা গ্ল্যডিয়েটর্সের কাছে ১৩ রানের হারের জন্য শুরুর মন্থর ব্যাটিংকে দায়ী করেছেন দুরন্ত রাজশাহীর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাওয়ার প্লেতে ৩৪ রান করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রথম ৬ ওভারেই আমরা হেরে গেছি। ঐ সময় আমরা বেশি রান করতে পারিনি। বাংলাদেশে প্রথম ছয় ওভারে বেশি রান নিতে না পারলে শেষের দিকে রান করা খুব কঠিন হয়ে যায়।”

“স্পিনাররা বল করে বলে পরের দিকে রান তোলা কঠিন হয়ে পড়ে। ঢাকার বোলিং আক্রমণও শক্তিশালী। ওদের বিপক্ষে শুরুতে বেশি রান করতে পারলে জেতা সম্ভব ছিল,” যোগ করেন দুরন্ত রাজশাহীর অধিনায়কত্ব ছেড়ে দেয়া তামিম।

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “নেতৃত্বের প্রতি আমার লোভ নেই। ব্যাটিংয়ে মনযোগ দেয়ার জন্যই আমি নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছি।”

ঢাকার মতো খুলনাতেও দর্শক না হওয়ায় ভীষণ হতাশ তামিম। তিনি বলেন, “টিকেটের দাম ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলে দাম কমানো উচিৎ। দাম কমানো হলে মাঠে দর্শক বেশি আসবে। তা হলে আর্থিক ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকবে না।”

ঢাকা গ্ল্যডিয়েটর্সের সাকিব আল হাসানেরও একই অভিমত। তিনি বলেন, “টিকেটের দাম কমানো উচিৎ। ৫০/১০০ টাকা হলে অনেকেই খেলা দেখতে পারবে। কিন্তু ২০০ টাকা খরচ করে খেলা দেখা অনেকের জন্যই কঠিন।”

দলের টানা তিন জয়ে উচ্ছ্বসিত বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তিনি বলেন, “আমাদের দলে বেশ কয়েক ভালো ক্রিকেটার আছে। দলের সবাই ভালো খেলছেও। প্রত্যেকে নিজের সেরাটা খেলতে পারলে আমাদের হারানো খুবই কঠিন।”