মিসবাহর আক্ষেপ ও আশাবাদ
“অন্য দলগুলো যেখানে বছরে ১৫ থেকে ১৬টি টেস্ট খেলে সেখানে আমরা মাত্র পাঁচ/ছয়টি টেস্ট খেলার সুযোগ পাই। আমাদের জন্য এটা প্রতিবন্ধকতা হলেও পেশাদার হিসেবে আমাদের ভালো করতেই হবে।”
পাকিস্তানের মাটিতে দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ায় দেশটির ক্রিকেট বোর্ড প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষও চিন্তিত। মিসবাহ-উল-হকও তাদের দলে। পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কের বিশ্বাস, ঘরের মাঠে খেলার সুযোগ না পাওয়ায় টেস্ট ক্রিকেটে তাদের দাপট কমে যাচ্ছে।
সোমবার জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে মিসবাহ বলেন, “আমরা অনেক দিন ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছি না। দেশের মাটিতে খেলার সুযোগ না পেলে অনেক কিছু মিস করতে হয়। অন্য দলগুলো যেখানে বছরে ১৫ থেকে ১৬টি টেস্ট খেলে সেখানে আমরা মাত্র পাঁচ/ছয়টি টেস্ট খেলার সুযোগ পাই।”
দলকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া পাকিস্তানের অধিনায়ক অবশ্য আশাবাদী। তিনি বলেন, “নিয়মিত না খেললে ধারাবাহিকতা ধরে রাখা যে কোনো দলের জন্যই খুব কঠিন। সেজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অবশ্য আমাদের এর সঙ্গেই মানিয়ে নিতে হবে। আমাদের জন্য এটা প্রতিবন্ধকতা হলেও পেশাদার হিসেবে আমাদের ভালো করতেই হবে।”
