২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের প্রথম জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববারের প্রথম ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে বরিশাল বার্নার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 07:49 AM

Updated : 13 Oct 2022, 02:47 PM

গত আসরের রানার্সআপদের এটি প্রথম জয়। অন্য দিকে খুলনার টানা দ্বিতীয় হার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪২ রান করে খুলনা। জবাবে ১৮ ওভার ৩ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

লক্ষ্য তাড়া করতে নেমে ফিল মাস্টার্ডের সঙ্গে অধিনায়ক ব্র্যাড হজের ৭৮ রানের জুটি বরিশালকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। ডলার মাহমুদের বলে লু ভিনসেন্টের ক্যাচে পরিণত হওয়ার আগে ২৭ বলে ৫টি চারের সাহায্যে ৩৫ রান করেন মাস্টার্ড।

অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেন ম্যাচ সেরা হজও (৫৩)। তার ৪০ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা। তৃতীয় উইকেটে আজহার মেহমুদের (১৬ বলে অপরাজিত ২৫) সঙ্গে ড্যানলি জোসেপ লিয়ামের (২৮ বলে অপরাজিত ৩০) অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটির সৌজন্যে ৯ বল বাকি রেখেই জয় তুলে নেয় বরিশাল।

এর আগে ব্যাট করতে নেমে শফিউল ইসলামের করা প্রথম বলেই নাজিম উদ্দিন উইকেটরক্ষক মাস্টার্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরলে শুরুতেই চাপে পড়ে খুলনা।

ড্যানিয়েল হ্যারিসের সঙ্গে ৩০ ও রিকি ওয়েসেলসের সঙ্গে ৫৮ রানের দুটি ভালো জুটি গড়ে খুলনা শিবিরে স্বস্তি ফেরান অধিনায়ক শাহরিয়ার নাফীস। দ্বাদশ ওভারের তৃতীয় বলে দুই রান নিতে গিয়ে নাফীস (২৮ বলে ৪৩) রান আউট হয়ে গেলে ছন্দ হারায় খুলনা।

সেখান থেকে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব ওয়েসেলসের। আঠারতম ওভারের শেষ বলে আজহার মেহমুদের শিকারে পরিণত হওয়ার আগে ৪৮ রান করেন তিনি।

টুর্নামেন্টের তৃতীয় দিন গ্যালারিতে দর্শক সংখ্যা আরো কমেছে।