ফ্র্যাঙ্কলিনের ব্যাটিং-বীরত্বে নিউজিল্যান্ডের জয়ের আনন্দ
জেমস ফ্র্যাঙ্কলিনের অপরাজিত ৪৭ রানের সুবাদে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে এক উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
শতক করেননি, অর্ধ-শতকও না। কিন্তু জেমস ফ্র্যাঙ্কলিনের অপরাজিত ৪৭ রানের মূল্য শতকের চেয়ে কোনো অংশে কম নয়। তার এক অসাধারণ ইনিংসের সুবাদে পার্লে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে এক উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টি হবে মঙ্গলবার, কিম্বার্লিতে।
দুই টেস্টের সিরিজে নিউজিল্যান্ডকে একেবারে দাঁড়াতেই দেয়নি দক্ষিণ আফ্রিকা, দুটো টেস্টই জিতেছে ইনিংস ব্যবধানে।
তবে শনিবার তিন ব্যাটিং-স্তম্ভ গ্রায়েম স্মিথ (৭), হাশিম আমলা (১৩) ও ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (৭) ব্যর্থতায় ৩৭ রানে তিন উইকেট হারিয়ে ফেলা স্বাগতিকরা বড় সংগ্রহ গড়তে পারেনি।
ফাফ দু প্লেসি (৫৭), রায়ান ম্যাকলারেন (৩৩) ও ওয়ানডে অভিষিক্ত রোরি ক্লাইনভেল্ট ২০ বলে তিন ছক্কায় ২৬ রান করলেও ২০৮ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
অভিষেকেই আলো ছড়িয়ে চার উইকেট নেন বাঁহাতি পেসার মিচেল ম্যাকক্লেনাগান। অফস্পিনে কেন উইলিয়ামসনের শিকারও চারটি।
জবাবে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া বিজে ওয়াটলিং ৪৫ রান করলেও ১৪০ রানে ৮ উইকেট হারিয়ে হারের দিকেই এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু ফ্র্যাঙ্কলিনের দুর্দান্ত ইনিংস চমকজাগানো জয় এনে দেয় অতিথিদের।
চরম বিপদে জয়ের নায়ককে ভালো সমর্থন দেয়ার জন্য নয় ও দশ নম্বর ব্যাটসম্যান নাথান ম্যাককালাম (২৪) আর কাইল মিলসেরও (২৬) সতীর্থদের কাছ থেকে কৃতিত্ব প্রাপ্য।
তবে ১৮৭ রানে ৯ উইকেট পড়ার পর শেষ ব্যাটসম্যান ম্যাকক্লেনাগানকে নিয়ে নিউজিল্যান্ডকে লক্ষ্যে পৌঁছে দেয়ার কৃতিত্ব শুধুই ফ্র্যাঙ্কলিনের। ম্যাকক্লেনাগান কোনো রান না করায় কীর্তিটার মাহাত্ম্য বেড়ে গেছে বহু গুণ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪৬.২ ওভারে ২০৮ (আমলা ১৩, স্মিথ ৭, ইনগ্রাম ২৯, ডি ভিলিয়ার্স ৭, দু প্লেসি ৫৭, ডি কক ১৮, ম্যাকলারেন ৩৩, পিটারসন ০, ক্লাইনভেল্ট ২৬, স্টেইন ০, সোতসোবে ০*; ম্যাকক্লেনাগান ৪/২০, উইলিয়ামসন ৪/২২, ফ্র্যাঙ্কলিন ১/৪৪, মিলস ১/৫৫)
নিউজিল্যান্ড: ৪৫.৪ ওভারে ২০৯/৯ (নিকোল ৪, গাপটিল ০, ওয়াটলিং ৪৫, উইলিয়ামসন ৫, ব্রেন্ডন ম্যাককালাম ২৬, এলিয়ট ১, ফ্র্যাঙ্কলিন ৪৭*, নিশাম ০, নাথান ম্যাককালাম ২৪, মিলস ২৬, ম্যাকক্লেনাগান ০*; ম্যাকলারেন ৪/৪৬, ক্লাইনভেল্ট ২/৩৭, সোতসোবে ২/৪৩)
ম্যাচ সেরা: জেমস ফ্র্যাঙ্কলিন।
