টানা সাত বার ‘ট্যুর ডি ফ্রান্স’ বিজয়ী সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের শক্তি বর্ধক মাদক গ্রহণের স্বীকারোক্তি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অনেকের মতো এউইন মর্গানও ক্রীড়াঙ্গনকে মাদকমুক্ত রাখার পক্ষে। ক্রিকেটকে মাদক মুক্ত রাখতে আইসিসির নতুন মাদক বিরোধী আইনকে জোরালো কণ্ঠে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান।
বিশ্ব মাদক বিরোধী সংস্থার(ওয়াডা) সঙ্গে আইসিসির চুক্তির ফলে বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো সময় আন্তর্জাতিক ক্রিকেটাররা মাদক পরীক্ষা করাতে বাধ্য। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও (আইওসি) ওয়াডার সঙ্গে চুক্তিবদ্ধ।
মর্গান বলেন, “গত বছর বা তার আগে আমার পাঁচ থেকে ছয় বার মাদক পরীক্ষা করা হয়। নতুন আইন অনুযায়ী আমাদের মাদক পরীক্ষা করা হচ্ছে। এর ফলে আমি যেখানেই থাকি বা যেখানেই খেলি না কেন, তার সব কিছুই আমাকে উল্লেখ করতে হবে।”
“বিশ্বের যে কোনো স্থানে, দিনের যে কোনো সময় আমাদের মাদক পরীক্ষা করা হতে পারে। আমি মনে করি এই নিয়ম ক্রিকেটকে অনেক বেশি স্বচ্ছ রাখবে,” যোগ করেন তিনি।
ওয়াডার সঙ্গে আইসিসির চুক্তি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য ক্ষুব্ধ। আইসিসির চুক্তিপত্রে স্বাক্ষরও করেনি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডটি।
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে মর্গান ভীষণ অবাক। তিনি বলেন, “আমি জানতাম না যে তারা (বিসিসিআই) এতে সই করেনি। জোর করে হলেও সবাইকে সমান আইনের আওতায় নিয়ে আসা আইসিসিরই দায়িত্ব। প্রত্যেক খেলা থেকে শক্তি বর্ধক মাদককে সমূলে উপড়ে ফেলতে হবে। ক্রিকেটেও এর কোনো স্থান নেই।
bdnews24