২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার টানা দ্বিতীয় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবারের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৩৫ রানে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

গত আসরের চ্যাম্পিয়ন ঢাকার এটি দ্বিতীয় জয়। অন্যদিকে এটি ছিল রংপুরের বিপিএল অভিষেক ম্যাচ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০২ রান করে ঢাকা। জবাবে ৪ উইকেটে ১৬৭ রানেই থেমে যায় রংপুরের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বিপিএলের সপ্তম দল রংপুর। চতুর্থ উইকেটে ১২ ওভার ১ বলে নিয়াল ও’ব্রায়ানের সঙ্গে নাসির হোসেনের রানের ১১৮ রানের জুটি চেষ্টা করলেও শেষ রক্ষা হয় নি।

দলীয় ১৪৯ রানে নাসিরকে মোশাররফ হোসেনের ক্যাচে পরিণত করে ঢাকার জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান। নাসিরের ৪৯ বলের ইনিংসটি ৬টি ছক্কা ও ৫টি চার সমৃদ্ধ। শেষ পর‌্যন্ত ৪০ রানে অপরাজিত থাকেন নিয়াল। তার ৩৫ বলের ইনিংসে ১টি চার। এই চার আসে শেষ ওভারে।

১৭ রানে ২ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার সাকিব।

এর আগে ব্যাট করতে নেমে লুক রাইটের (১৬ বলে ২২) সঙ্গে মোহাম্মদ আশরাফুলের ৩৪ রানের উদ্বোধনী জুটি ঢাকাকে ভালো সূচনা এনে দেয়।

দ্বিতীয় উইকেটে আনামুল হকের (১৪ বলে ১৯) সঙ্গে ৩ ওভার ৫ বলে ৫৭ রানের জুটির সৌজন্যে দৃঢ় ভিতের ওপর দাঁড়ায় ঢাকা। দলীয় ৯১ রানে এনামুলের বিদায়ের পর সাকিব (৬ বলে ১৩) দ্রুত বিদায় নিলেও দলকে এগিয়ে নিতে থাকেন আশরাফুল।

দলীয় ১৪৫রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৭৩ রান করেন আশরাফুল। তার ৪৭ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা।

পঞ্চম উইকেটে ওয়াইজ শাহর (২২ বলে ২৮) সঙ্গে জশুয়া কবের (১৭ বলে অপরাজিত ৩৪) ৫৪ রানের জুটির সৌজন্যে দুশ রান পেরুয় ঢাকা।

রংপুরের পক্ষে চারজন বোলার একটি করে উইকেট নেন।