পিসিবির অভিযোগে বিসিবির বিস্ময়
বিসিবির দাবি, বিপিএলে সব নিয়ম মেনেই পাকিস্তানের ক্রিকেটারদের নেয়া হয়েছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অভিযোগ, তাদের সঙ্গে যোগাযোগ না করেই পাকিস্তানের ক্রিকেটারদের দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেয়ার চেষ্টা করা হয়েছে। পিসিবির এই অভিযোগে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, “বিপিএলে ক্রিকেটার নেয়ার ব্যাপারে বিসিবির অবস্থান ও প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। গত ৫ ডিসেম্বর ক্রিকেটার চেয়ে বিসিবি আইসিসির পূর্ণাঙ্গ ও সহযোগী বোর্ডকে চিঠি দেয়। এ সময় আগ্রহী ক্রিকেটারদের ‘অনাপত্তি পত্র’ (এনওসি) দেয়ারও অনুরোধ জানানো হয়।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “নিলামে (২০ ডিসেম্বর) পাকিস্তানের অনেক ক্রিকেটার ছিলেন, তাদের বেশ কয়েকজন বিপিএলে দলও পেয়েছিলেন। আর নিলামের পর বিসিবি ও পিসিবির মধ্যে অনেক বার যোগাযোগ হয়েছে। কিন্তু এ ব্যাপারে ১৬ জানুয়ারির আগে পিসিবি কিছু বলেনি।”
দুই বোর্ডের মধ্যে সুসম্পর্ক থাকার দাবি করে বিসিবি জানায়, “২০০৮ সালের মার্চে নিরাপত্তাহীনতার কারণে অস্ট্রেলিয়া সফর বাতিল করার পর এপ্রিলে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ। ২০১২ ও ২০১৩ সালে পাকিস্তান সফরের উদ্যোগও নেয় বিসিবি। একই সঙ্গে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোকে রাজি করানোর ব্যাপারে পিসিবিকে সহায়তাও দিয়ে যাচ্ছে বিসিবি।”
তবে পিসিবির অভিযোগ, বিপিএলে পাকিস্তানের ক্রিকেটার নেয়ার সময় বাংলাদেশ যথাযথ নিয়ম মানেনি। ক্রিকেটার নিতে হলে সংশ্লিষ্ট বোর্ডকে অন্য বোর্ডের অনুমোদন নিতে হয়। কিন্তু বিপিএলে এ ব্যাপারে পিসিবিকে কিছু জানায়নি বিসিবি।
বরং প্রতিনিধি বা এজেন্টরা সরাসরি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে। বোর্ডকে পাশ কাটিয়ে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ সংশ্লিষ্ট বোর্ডের জন্য খুবই বিব্রতকর।
আর তাই শুক্রবার থেকে শুরু হওয়া বিপিএলের জন্য পাকিস্তানের ২৪ জন ক্রিকেটারের অনাপত্তি পত্র (এনওসি) শেষ মুহূর্তে আটকে দেয় পিসিবি।
নিরাপত্তা ইস্যুতে গত মাসে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো পাকিস্তান সফর স্থগিত করলে দুই বোর্ডের সম্পর্কে চিড় ধরে। এর আগে গত এপ্রিলে আদালতের স্থগিতাদেশের ফলে পাকিস্তান সফরে যেতে পারেনি বাংলাদেশ।
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।
