বাংলাদেশের প্রশংসায় লারা
অনেক দিন ধরেই বাংলাদেশের ক্রিকেটের দিকে চোখ রাখছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের সাফল্যেও তিনি মুগ্ধ। চট্টগ্রাম কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢাকায় এসে বাংলাদেশের ক্রিকেটের অকুণ্ঠ প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-কিংবদন্তি ব্রায়ান লারা।
১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপ খেলতে প্রথম বারের মতো ঢাকায় এসেছিলেন তিনি। তার পরের বছর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে ওয়ানডে সিরিজে খেলতে আবার এসেছিলেন বাংলাদেশে। তখন থেকেই বাংলাদেশের ক্রিকেটের খোঁজ-খবর রাখেন লারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয় নিয়ে লারা উচ্ছ্বসিত। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম কিংসের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সাফল্য পেয়েছে, শেষ ওয়ানডে জিতে সিরিজ জয়ের দৃঢ়তাও দেখিয়েছে। বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে এগোচ্ছে। বিপিএলের মতো টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটকে আরো ওপরে নিয়ে যাবে।”
টি-টোয়েন্টি ক্রিকেটের প্রশংসা করে লারা বলেন, “ক্রিকেটের এক অসাধারণ সংযোজন টি-টোয়েন্টি। এই নতুন ধরণের ক্রিকেট মাঠে দর্শক আনতে পারলে সমস্যা কোথায়? ওয়ানডে ও টেস্ট ক্রিকেটকে প্রাণবন্ত রাখার জন্যই টি-টোয়েন্টির প্রয়োজন।”
টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক আরো বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটের ওপর ইতিবাচক প্রভাব রাখছে। ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল, বীরেন্দর শেবাগের মতো ব্যাটসম্যানরা এখন যে কোনো রেকর্ড ভাঙ্গতে সক্ষম। তারা ক্রিকেটকে রোমাঞ্চকর করে তুলেছে। আর মানুষও এখন রোমাঞ্চকর ক্রিকেটই দেখতে চায়।”
এক সময় ক্রিকেট বিশ্বকে শাসন করা ওয়েস্ট ইন্ডিজে এখন ক্রিকেটার সঙ্কট। সমস্যা সমাধানে টি-টোয়েন্টিকেই বেছে নেয়ার কথা জানিয়ে লারা বলেন, “ওয়েস্ট ইন্ডিজে এখন তরুণদের ক্রিকেটে আনা খুব কঠিন হয়ে পড়েছে। আমরা নিজেদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু করতে যাচ্ছি। আশা করি অনেক তরুণ এখন ক্রিকেটের প্রতি আগ্রহী হবে।”
প্রিয় বন্ধু এবং ভারতের ব্যাটিং-কিংবদন্তি শচীন টেন্ডুলকারের অবসর প্রসঙ্গেও কথা বললেন লারা। তিনি বলেন, “শুধু শচীন টেন্ডুলকারেরই অধিকার আছে নিজের অবসরের সময় বেছে নেয়ার। ওয়ানডে ক্রিকেট থেকে তিনি এরই মধ্যে বিদায় নিয়েছেন। আমার মনে হয় টেস্ট ক্রিকেটে আরো বেশি মনযোগ দেয়ার জন্যই তার এই সিদ্ধান্ত। আমরা সবাই চাই তিনি মাথা উঁচু করে ক্রিকেটকে বিদায় জানান।”
