‘কোচ’ থাকতে বোর্ড ছাড়লেন সুজন
কোচের পেশা ধরে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
তাই প্রথম আসরে চট্টগ্রাম কিংসের কোচের দায়িত্ব পালন করা সুজন এবারো ওই দায়িত্ব পালনের জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার রাতে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর হাতে পদত্যাগ পত্র জমা দেন সুজন।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম দলের সঙ্গে অনুশীলন শেষে সাবেক এই অধিনায়ক বলেন,“বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনা করেই পদত্যাগ করেছি। কারণ কোচিংই আমার পেশা। বিসিবির নীতির কারণে বোর্ডে থাকলে এই কাজ করা সম্ভব নয়।”
২৭ নভেম্বর গঠিত ১৩ সদস্যের অ্যাডহক কমিটির সদস্য হওয়ার পর বিসিবির আম্পায়ার্স কমিটির সভাপতি ও ক্রীড়া উন্নয়ন বিভাগের ‘এজ গ্রুপ’ কর্মসূচির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন সুজন।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) প্রাইম ব্যাংক সাউথ জোনের কোচ হিসাবেও তিনি কাজ চালিয়ে আসছেন।
