২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে হাফিজের আত্মবিশ্বাস

সাত মাসের বিরতি শেষে টেস্ট খেলতে যাচ্ছে পাকিস্তান। আগামী মাসে তিন টেস্টের সিরিজে তাদের প্রতিপক্ষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা। তবে তা নিয়ে চিন্তিত নন মোহাম্মদ হাফিজ। কঠিন সফর হলেও ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 06:43 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

আগামী ১, ১৪ ও ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টেস্ট তিনটি। তার আগে ২৫ জানুয়ারি থেকে ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে পাকিস্তান। টেস্ট সিরিজের আগে সেটাই তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচ।


টেস্ট সিরিজ শেষে দুটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে দুদল।


আপাতত হাফিজের ভাবনায় অবশ্য শুধুই টেস্ট সিরিজ। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলার সময় এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, “দীর্ঘ বিরতি শেষে আমরা দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবো। কিন্তু তাতে দুশ্চিন্তার কিছু নেই। অতীতে সব কিছুর সঙ্গে ভালোভাবে মানিয়ে নেয়ার উদাহরণ আমাদের আছে।”


“হ্যাঁ, এই সফরটা কঠিন হবে। তবে আমাদের সব খেলোয়াড়ই চার দিনের ম্যাচ খেলেছে। তাই আমাদের প্রস্তুতিটাও ভালো,” যোগ করেন আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা হাফিজ।


হাফিজ আরো বলেন, “পরিবেশ-পরিস্থিতির ভিন্নতার কারণে দক্ষিণ আফ্রিকা সফর সব সময়ই কঠিন। ২০০৭ সালে সর্বশেষ আমরা ওখানে খেলেছিলাম। সেই দলের অনেকেই এখন নেই। তবু ওরাই এখন বিশ্বের সেরা দল। কারণ দক্ষিণ আফ্রিকা দলে ভালো ব্যাটিং-বোলিংয়ের দারুণ সমন্বয়।”


“তবে আমরাও ভারত থেকে মাত্রই ওয়ানডে সিরিজ জিতে এসেছি। এই সাফল্য আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে,” যোগ করেন তিনি।


২০০৭ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল পাকিস্তান।