২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের বকেয়া নিয়ে সাকিবের উদ্বেগ

অনেকেরই বকেয়া আছে। এটা ঠিক নয়। প্রত্যেকেরই বকেয়া পরিশোধ করা উচিৎ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 04:54 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেটারদের বকেয়া পরিশোধের নিয়ম লিখিত এবং আরো কঠোর হওয়া উচিৎ বলে মনে করেন সাকিব আল হাসান।

খুলনা রয়েল বেঙ্গলস থেকে এবার সাকিবের ঠিকানা গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সোমবার মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে নতুন দলের সঙ্গে অনুশীলন শেষে সাকিব বলেন, “ক্রিকেটারদের এখনো পাওনা বাকি থাকা খুবই দুঃখজনক। কেউ-কেউ অবশ্য পেয়েছে। তবে অনেকেরই বকেয়া আছে। এটা ঠিক নয়। প্রত্যেকেরই বকেয়া পরিশোধ করা উচিৎ।”

দ্বিতীয় বিপিএলে সর্বোচ্চ ৩ লাখ ৬৫ হাজারে ডলারে গ্ল্যাডিয়েটর্সে যোগ দেয়া বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার আরো বলেন, “আমার মনে হয় নিয়ম-কানুনগুলো আরো কঠোর হওয়া উচিৎ। চুক্তির ধারাগুলো লিখিত হওয়া উচিৎ। যেন সমস্যাগুলোর পুনরাবৃত্তি না হয়।”

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি সাকিব। এখনো সম্পূর্ণ সুস্থ নন জানিয়ে তিনি বলেন, “আশা করি প্রথম দুয়েকটি ম্যাচ পরেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। খেলার মধ্যে না থাকলেও এই সময়ে আমি নিজে-নিজে অনুশীলন করেছি। সমস্যা হবে বলে মনে হয় না।”

“কাল (মঙ্গলবার) থেকে পুরোদমে অনুশীলন শুরু হয়ে যাবে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবারো ভালো দল। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এবারো ভালো করা সম্ভব,” যোগ করেন সাকিব।