বিসিবি সভাপতির উদ্যোগ
বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি দিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসর শুরু হওয়ার ৭২ ঘন্টা আগেও পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণ অনিশ্চিত। এই অনিশ্চয়তার অবসানের লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরি সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা বলেন, “আজই (সোমবার) বিসিবি সভাপতির পিসিবিকে চিঠি দেয়ার কথা। এই চিঠির পরিপ্রেক্ষিতে বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণের ব্যাপারে আমি আশাবাদী।”
“পিসিবিকে জানানো হবে শিগগিরই একটি নিরাপত্তা দল পাকিস্তান সফর করবে। কালই (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নিরাপত্তা দল গড়ার অনুরোধ করা হবে,” যোগ করেন তিনি।
দ্বিতীয় বিপিএলের জন্য দেশি-বিদেশি কোনো ক্রিকেটারের এখনো অনাপত্তি পত্র (এনওসি) জমা না দেয়ার কথা জানিয়ে আফজালুর রহমান বলেন, “এখনো কেউ এনওসি জমা না দিলেও সবার অংশগ্রহণের ব্যাপারে আমরা আশাবাদী। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১৬ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে প্রথম আসরের পুরো বকেয়া ও দ্বিতীয় আসরের ২৫ শতাংশ অগ্রিম টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। নইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি।”
বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের অংশ না নেয়া সম্পর্কে পিসিবির বক্তব্যকে তেমন গুরুত্ব দিতে রাজি নয় বিসিবি। গণমাধ্যমে পিসিবির বক্তব্য প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি বলেন, “আমরা এর মধ্যে নেতিবাচক কিছু দেখছি না। তাদের প্রতিক্রিয়া সব এসেছে গণমাধ্যমে। তারা আমাদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ করেনি।”
আফজালুর রহমান আরো বলেন, “বিপিএলে ক্রিকেটার না পাঠানোর সিদ্ধান্ত নিলে পিসিবি আমাদের সঙ্গে যোগাযোগ করত। তারা সেটা করেনি বলেই আমরা আশাবাদী। তাদের অবস্থান নেতিবাচক হলে তা কালকের (মঙ্গলবার) মধ্যেই বোঝা যাবে। তখন অবিক্রিত ক্রিকেটারদের ভেতর থেকে পাকিস্তানীদের বিকল্প নেয়া হবে।”
