২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

স্বাগতিকদের আবার ব্যাট করাতে আরো ২৪৭ রান করতে হবে নিউজিল্যান্ডকে। হাতে আছে ছয় উইকেট ও পুরো দুই দিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 06:16 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার জয় শুধুই সময়ের ব্যাপার। রোববার তৃতীয় দিনে ৪০৪ রানে পিছিয়ে ফলো অন করতে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৫৭ রান। স্বাগতিকদের আবার ব্যাট করাতে আরো ২৪৭ রান প্রয়োজন তাদের।

সেন্ট জর্জেস পার্কে ৬ উইকেটে ৪৭ রান নিয়ে প্রথম ইনিংস শুরু করা নিউজিল্যান্ড ৬২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে। শেষ উইকেটে ট্রেন্ট বোল্টের সঙ্গে বিজে ওয়াটলিংয়ের ৫৯ রানের জুটি ১২১ রান পর্যন্ত নিয়ে যায় তাদের।

শেষ ব্যাটসম্যান হিসাবে বিদায় নেয়া ওয়াটলিংয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৩ রান। ১৭ রানে অপরাজিত থেকে যান বোল্ট।

১৭ রানে ৫ উইকেটে নিয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার ডেল স্টেইন। এ নিয়ে ১৯ বার ইনিংসে ৫ উইকেট নিলেন আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে যথারীতি বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। তবে পঞ্চম উইকেটে ওয়াটলিংয়ের (৪১*) সঙ্গে ডিন ব্রাউনলির (৪৪*) ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটির কল্যাণে রোববার আর কোনো ক্ষতি হয়নি অতিথিদের।