বিপিএলে বিদেশি ক্রিকেটারদের নিয়ে অনিশ্চয়তা
টুর্নামেন্টের নিয়মানুযায়ী তাদের ২৫ শতাংশ অগ্রিম অর্থ এখনো দেয়া হয়নি।
বাংলাদেশ প্রিমিয়র লিগের (বিপিএল) দ্বিতীয় আসর শুরু হতে আর দেরি নেই। কিন্তু ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অনেক বিদেশি ক্রিকেটারই অংশ নিতে অনাগ্রহী। দেনা-পাওনা নিয়ে ঝামেলাই তার কারণ।
গত বারের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার বাংলাদেশে আসার আগেই অন্তত ২৫ শতাংশ অর্থ চাইছেন বিদেশি ক্রিকেটাররা। কিন্তু টুর্নামেন্টের নিয়মানুযায়ী তাদের ২৫ শতাংশ অগ্রিম অর্থ এখনো পরিশোধ করা হয়নি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক এ প্রসঙ্গে বলেন, “ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেট বোর্ডের কাছে বিদেশি ক্রিকেটারদের ২৫ শতাংশ অর্থ জমা দেয়া শুরু করেছে। বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।”
বিদেশিরা এখনো প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ না পাওয়ায় প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) প্রধান নির্বাহী অ্যাঙ্গাস পোর্টার ভীষণ ক্ষুব্ধ।
তিনি বলেন, “বিপিএল শুরু হতে আর দেরি নেই। অথচ বিদেশি ক্রিকেটারদের অগ্রিম অর্থ পরিশোধের প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তা সম্ভব হবে বলেও মনে হয় না। তারপরও হয়তো কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নেবেন। তবে তাদের আরেকটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে।”
প্রথম বিপিএলে অংশ নেয়া বিদেশি ক্রিকেটাররা দেরিতে হলেও পুরো পারিশ্রমিক পেয়েছেন। তবে বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেই এখনো তাদের বকেয়া টাকা পাননি। তাদের কয়েক জন এবার অনাপত্তিপত্রে স্বাক্ষর করতে অসম্মতিও জানিয়েছেন।
