মাহমুদুল্লাহই চট্টগ্রাম কিংসের অধিনায়ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে সেমিফাইনালেও উঠতে পারেনি চট্টগ্রাম কিংস। তবু দ্বিতীয় আসরে মাহমুদুল্লাহর নেতৃত্বের ওপরেই আস্থা রেখেছে তারা।
এক বিবৃতিতে চট্টগ্রাম কিংসের সভাপতি সামির কাদির চৌধুরী জানিয়েছেন, “মাহমুদুল্লাহ দক্ষ অধিনায়ক। তার ওপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমাদের বিশ্বাস, দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা আছে তার। তার ক্রিকেট-প্রজ্ঞা ও দক্ষতা দুর্দান্ত।”
চোটের কারণে পাকিস্তানের ব্যাটসম্যান সাঈদ আনোয়ার জুনিয়র এবারের বিপিএলে খেলতে পারবেন না। তার জায়গায় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার শন টেইটকে নিয়েছে চট্টগ্রাম কিংস।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) তৃতীয় রাউন্ডে দ্বি-শতক করা বাঁহাতি ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়রেরও নতুন ঠিকানা চট্টগ্রাম কিংস।
দুই খেলোয়াড়কেই ভিত্তিমূল্যে দলে নিয়েছে চট্টগ্রাম। টেইটের ভিত্তিমূল্য ৭৫ হাজার ও মেহরাবের ১০ হাজার ডলার।
