কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন পিটারসেন
চার মাস পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন কেভিন পিটারসেন। বুধবার ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি কোচ অ্যাশলে জাইলস জানিয়েছেন এ কথা।
গত অগাস্টে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলার সময় সতীর্থদের ব্যঙ্গ করে প্রতিপক্ষের খেলোয়াড়দের আপত্তিকর এসএমএস পাঠানোর অপরাধে দল থেকে তো বটেই, কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়ে যান পিটারসেন।
ঐ সিরিজের শেষ টেস্টে এবং সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি এই দীর্ঘদেহী ব্যাটসম্যানের।
নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে অবশ্য দলে ফেরেন পিটারসেন। তবে তা সাময়িক চুক্তিতে।
