২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফর নিয়ে মুস্তফা কামালের সাফাই

পাকিস্তান সফরের ব্যাপারে ‘নিঃশর্ত’ কোনো অঙ্গীকার করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

অনীক মিশকাত অনীক মিশকাত

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সব সময়ই বলেছি, বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলে আইসিসিও তাতে সম্পৃক্ত থাকবে। আইসিসির কার্যবিধিতেও তা আছে। আইসিসি তাদের নিরাপত্তা দল পাকিস্তানে পাঠাবে। তাদের কাজ হবে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা।”

“আমি কখনো বলিনি যে আইসিসিকে পাশ কাটিয়ে আমরা পাকিস্তান সফরে যাব। এটা করা যাবে না। তাহলে অন্য দেশের সামনে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে,” যোগ করেন আইসিসির সহ-সভাপতি।

গত ৩১ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, নিঃশর্ত প্রতিশ্রুতির কারণে বাংলাদেশকে পাকিস্তানে যেতেই হবে। আইসিসি ম্যাচ কর্মকর্তা না পাঠালেও যেতে হবে বাংলাদেশকে। এটা আইসিসির কার্যবিধিতেও আছে।

এ নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও মুস্তফা কামাল নিজের বক্তব্যে অটল। তিনি বলেন, “উনি (বিসিবি সভাপতি) কী বলেছেন আমি তা জানি না। উনি এখনো আইসিসির কোনো সভায় যাননি। গেলে হয়তো এমন কথা বলতেন না। উনি হয়তো কার্যবিধি পড়েননি বা কার্যবিধি হয়তো উনার কাছে আসেনি। আমি প্রত্যেক সভায় গেছি, আইসিসির কার্যবিধিতে এমন কোনো কথা লেখা নেই।”

“উনি হয়তো বলতে চেয়েছেন বাংলাদেশের পাকিস্তানে যাওয়া দরকার। এটা হয়তো উনার মনের ইচ্ছা। এটা আমারো মনের ইচ্ছা ছিল। তবে এখন ব্যাপারটা ছেড়ে দিচ্ছি বিসিবির ওপরে। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে,” যোগ করেন বিসিবির সাবেক সভাপতি।

আইসিসির সহ-সভাপতি হওয়ার জন্য পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “পাকিস্তান সফর আমারই উদ্যোগ ছিল। এটা নিয়ে আমার বিরুদ্ধে অনেক লেখালেখি হয়েছে এবং এখনো হচ্ছে।”

গণমাধ্যমের প্রতি পাল্টা অভিযোগ জানিয়ে মুস্তফা কামাল বলেন, “বাংলাদেশের পতাকাকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য আমার যত জায়গায় যাওয়ার প্রয়োজন হয়েছে আমি গিয়েছি, যতটা ছোট হওয়ার দরকার হয়েছে আমি হয়েছি। তাই বলে দেশের স্বার্থ পরিপন্থী কোনো চুক্তি আমি কোথাও করিনি। এটা মিডিয়ার আবিষ্কার। আপনারা বোঝাতে চাইছেন আমি হয়তো এমন কোনো স্বাক্ষর করেছি যা না করলে আমি আইসিসির সহ-সভাপতি হতে পারতাম না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪২ঘ.