২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএলে আইয়ুব-মেহরাবের দিন

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) তৃতীয় রাউন্ডে মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়রের দৃঢ়তায় ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আশিফ আহাম্মেদ রম্য, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

ওয়ালটন সেন্ট্রাল জোন-ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোন

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সেন্ট্রাল জোন।
তবে এরপর আর কোনো ক্ষতি হয়নি তাদের। মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেনের অবিচ্ছিন্ন ১৭৫ রানের জুটির সুবাদে দিন শেষে সেন্ট্রাল জোনের সংগ্রহ ৪ উইকেটে ২৩১ রান।
৯৫ রানে অপরাজিত আইয়ুবের ১৩৫ বলের ইনিংসে ১৪টি চার ও একটি ছক্কা। মেহরাব ব্যাট করছেন ৭৫ রান নিয়ে।
৪১ রানে ৩ উইকেট নেন নাবিল সামাদ।


বিসিবি নর্থ জোন-প্রাইম ব্যাঙ্ক সাউথ জোন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে জিয়াউর রহমানের মারাত্মক বোলিংয়ে ১২৫ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে নর্থ জোন। সেখান থেকে দলকে ২৯১ পর্যন্ত নিয়ে যান সাজিদুল ইসলাম ও সানজামুল ইসলাম।

নবম উইকেটে ১২৭ রানের জুটি গড়েন দুজনে। মাত্র ৭৫ বলে চারটি ছক্কা ও ৯টি চারে ৭৬ রান করেন সাজেদুল।
সাজেদুলের বিদায়ের পর শেষ ব্যাটসম্যান সাকলায়েন সজীবের সঙ্গে ৩৯ রানের আরেকটি ভালো জুটি গড়েন সানজামুল। ১৩৮ বলে ৮টি চারসহ ৭৩ রান করেন তিনি।

৩২ রানে ৪ উইকেট নিয়ে জিয়া সাউথ জোনের সেরা বোলার। অধিনায়ক আব্দুর রাজ্জাক ও অফস্পিনার সোহাগ গাজী দুটি করে উইকেট নেন।

দিন শেষে বিনা উইকেটে ৫ রান করেছে সাউথ জোন।